দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর থেকে বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। এ সময় কওমি মাদ্রাসা বাদে প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাপী চলমান করোনা মহামারির কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৩ অক্টোবর পর্যন্ত ছুটি রয়েছে। চলমান এ ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সব ধরনের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধ থাকবে। এ সময়ে নিজেদের এবং অন্যদের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, কোভিড-১৯ পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের নিরাপত্তায় ষষ্ঠবারের মতো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হলো। আক্রান্তের হার বিবেচনায় নিয়ে মনে করছি যে এখন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা সমীচীন হবে না। সেই কারণে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।
সচিব বলেন, যখন স্কুল পুনরায় খোলা হবে তখন কোন বিষয়গুলো বিবেচনায় নিয়ে স্কুল খুলবে সেটার একটা গাইডলাইন তৈরি করেছি। সেটা সব স্কুলে দিয়েছি। সব শিক্ষাপ্রতিষ্ঠান সেটা বিবেচনা করে একটা স্কুল রি-ওপেনিং প্ল্যান তৈরি করবে। স্কুল খোলার ১৫ দিন আগে এই কাজগুলো করতে হবে। তিনি বলেন, আমরা কিন্তু সরকারি কর্মচারী। আমাদের সব অফিস খুলে দেওয়া হয়েছে। স্কুলেও কিছু কাজ থাকে, একাডেমিক কাজ থাকে। শিক্ষকরা আসতেই পারে, অফিসাররা আসতেই পারে। কিন্তু প্রাথমিক শিক্ষকদের স্কুলে আসার কোনো নির্দেশনা আমরা এখনো জারি করিনি।
সচিব বলেন, আমরা প্রতি বছর ১ জানুয়ারি যে বই উত্সব করি সেই বই ছাপানোর ব্যাপারে আমাদের পুরোদমে কাজ চলছে। আমাদের কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা পরবর্তী বছরে বই বিতরণ করব, নতুন সেশন শুরু হবে। সে কারণে আমরা মনে করছি যে সেশন বাড়ানোর পরিকল্পনা এখন পর্যন্ত নেই।
