করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে ১ লাখ কোটি টাকার বেশি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। প্যাকেজগুলো থেকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং বাংলাদেশ হাইটেক পার্কের বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানও ঋণ পাবে। করোনায় দেশীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা বাড়াতে এ সুবিধা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রপ্তানি বাণিজ্যে জড়িত দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানসমূহের উত্পাদন ও কর্মসংস্থান অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক বাস্তবায়নাধীন আর্থিক প্রণোদনা প্যাকেজের সুবিধাসমূহ বেজা, বেপজা এবং হাইটেক পার্কে অবস্থিত ‘এ’, ‘বি’ ও ‘সি’ টাইপ শিল্প প্রতিষ্ঠানসমূহের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
