প্রধানমন্ত্রীর সঠিক সিদ্ধান্তে করোনা মোকাবিলা সহজ হয়েছে ------নিক্সন চৌধুরী এমপি

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২১:৩২

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন করোনা সচেতনতা সংক্রান্ত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, করোনা মোকাবিলায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তে আজ করোনা মোকাবিলা আমাদের জন্য সহজ হয়েছে। তার দূরদর্শিতামূলক দিকনির্দেশনায় প্রশাসনের সঠিক কর্মদক্ষতায়ও করোনা মোকাবিলা অনেক সহজতর হয়েছে। সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সচেতন নাগরিক যেভাবে একে অপরের পাশে এগিয়ে এসেছে এতে করোনায় ক্ষতি আমাদের অনেকাংশে লাঘব হয়েছে। করোনায় সচেতনতা বলতে সবাইকেই মাস্ক ব্যবহার করতে হবে। অতি প্রয়োজন ছাড়া যত্রতত্র ভিড় না জমিয়ে এড়িয়ে চলতে হবে। নিয়মিত হ্যান্ডওয়াশের ব্যবহার করতে হবে।

শুক্রবার দুপুরে ভাঙ্গা সরকারি পাইলট স্কুল হলরুমে ৯২-এর ব্যাচ আয়োজিত করোনা সচেতনতাসংক্রান্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশনের পিপি আসাদুজ্জামান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন মিয়া, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত্ হোসেন, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুর রহমান, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মহসিন ফকির, উপজেলা মত্স্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জমসেদ, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন, শরীফাবাদ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সাখাওয়াত্ হোসেন, সদরদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান।