শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টায় গ্রেফতার ১

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২২:২০

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আশুলিয়ায় ১০ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মিজানুর রহমান মিরু নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার বাংলাবাজার এলাকার একটি বাসা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত মিজানুর পাবনা জেলার বেড়া থানার বেরাদিয়া গ্রামের ওয়াজ শেখের ছেলে। তিনি বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় থেকে ফলের ব্যবসা করেন।

শিশুটির স্বজনরা অভিযোগ করেন, পোশাকশ্রমিক বাবা ও গৃহিণী মায়ের সঙ্গে ভাড়া বাসায় থেকে শিশুটি স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা খালি পেয়ে মিরু ফ্ল্যাটে ঢুকে ঐ শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিত্কারে আশপাশের লোকজন এসে মিরুকে আটক করে পুলিশে সোপর্দ করে। আশুলিয়া থানার এসআই কায়সার হামিদ জানান, ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।