বগুড়ায় যমুনা নদীর পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার উপরে

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ০৫:৫৪

বগুড়ায় যমুনা ও বাঙ্গালী নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টায় সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  

যমুনা ও বাঙ্গালী নদীর পানি বাড়ার ফলে সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলের চালুয়াবাড়ী, কর্নিবাড়ী, কুতুবপুর, চন্দনবাইশা, কাজলা, কামালপুর ও সারিয়াকান্দি সদর ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো এবং এসব এলাকার রোপা আউশ, মাশকলাই, মরিচ, স্থানীয় জাতের গাঞ্জিয়া ধানসহ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। পানি কমে আবার বাড়ায় নদী তীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, যমুনা নদীতে বিপদসীমা নির্ধারণ করা হয় ১৬ দশমিক ৭০ মিটার। শুক্রবার সকাল ৬টার হিসাব অনুযায়ী, নদীর পানি ১৭ দশমিক ০২ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ বিপদসীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং পানি বাড়া অব্যাহত রয়েছে। 

তিনি আরও জানান, বাঙ্গালী নদীতে বিপদসীমা নির্ধারণ করা হয় ১৫ দশমিক ৮৫ মিটার। বর্তমানে এ নদীতেও পানি বেড়ে ১৬ দশমিক ২০ মিটার অর্থাৎ বিপদসীমার ৩৪ দশমিক ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৬টার হিসাব অনুযায়ী, যমুনা নদীর পানির স্তর ছিল ১৬ দশমিক ৯৩ মিটার এবং বাঙ্গালী নদীর পানির স্তর ছিল ১৬ দশমিক ১৩ মিটার।

ইত্তেফাক/কেকে