নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২২তম জন্মদিন উদযাপন

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ১০:৪৭

বর্ণিল আয়োজনে নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২২তম জন্মদিন উদযাপিত হয়েছে। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে উপস্থিতির সংখ্যা সীমিত রাখা হয়। ছোট-বড় সব বয়সী মানুষের পদচারণায় চ্যানেল আইয়ের নিউইয়র্ক কার্যালয় হয়ে উঠে প্রাণবন্ত। 

ব্যানার, ফেস্টুন, বেলুন ও তাজা ফুল দিয়ে নান্দনিক সাজে সাজানো হয় নিউইয়র্কের চ্যানেল আই কার্যালয়। ২২তম জন্মদিনে ২২ পাউন্ডের কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় জন্মদিনের অনুষ্ঠান। এসময় অতিথিদের উচ্ছ্বাস এবং চ্যানেল আইয়ের জন্মদিনের গানের সূরের মূর্ছনায় এক অন্য রকম আবহের সৃষ্টি হয়।

এ সময় এক ভিডিও বার্তায় নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা বলেন, সংবাদ এবং অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে চ্যানেল আই তার উচ্চমান ধরে রেখেছে।

দেশ ও প্রবাসের সব মানুষের প্রিয় চ্যানেল আই আগামী দিনে আরও নতুনত্ব নিয়ে এগিয়ে যাবে এমন প্রত্যাশা উপস্থিত সুধীজনেরা। জন্মদিন উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। অতিথিদের স্বাগত জানান চ্যানেল আইয়ের যুক্তরাষ্ট্র প্রতিনিধি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। 

জন্মদিন উপলক্ষে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন নিউইয়র্কের জনপ্রিয় সংগীত শিল্পী শাহ মাহবুব, সবিতা দাশ, শাহ ফারুকসহ অন্যরা। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শাহ ফারুক ও শামিম আক্তার শরীফ।

ইত্তেফাক/এমআর