আইপিএলটা ভালো যাচ্ছিলো না ভারতের অধিনায়ক বিরাট কোহলির। তবে রাজস্থানের বিপক্ষে রানে ফিরেই পয়েন্ট তালিকার এক নম্বরে উঠে গেলো বেঙ্গালুরু। রাজস্থান রয়্যালসকে সহজেই হারিয়েছে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
শনিবার দিনের প্রথম ম্যাচে বেঙ্গালুরু পায় ৮ উইকেটের দাপুটে জয়। আবুধাবি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান করে রাজস্থান রয়্যালস। দলের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৭ রান করেন মিডল অর্ডারের মাহিপাল লামরর। তেওয়াতি অপরাজিত ২৪, ওপেনার জস বাটলার করেন ২২ রান। বল হাতে বেঙ্গালুরুর হয়ে ৪ ওভারে ২৪ রানে ৩ উইকেট নেন জুবেন্দ্র চাহাল।
জিততে হলে বেঙ্গালুরুর দরকার ছিল ১৫৫ রান। ৫ বল হাতে রেখে মাত্র দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বেঙ্গালুরু। অধিনায়ক বিরাট কোহলি অপরাজিত থাকেন ৭২ রানের দারুণ ইনিংস খেলে। ৫৩ বলের ইনিংসে তিনি হাঁকিয়েছেন সাতটি চার ও দুটি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ রান করেন ওপেনার পাডিকাল। ১০ বলে ১২ রান করা ভিলিয়ার্স ছিলেন অপরাজিত। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন বেঙ্গালুরুর স্পিনার জুবেন্দ্র চাহাল।
৪ ম্যাচে তৃতীয় জয় এটি বেঙ্গালুরুর। ৬ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে উঠে এসেছে দলটি (রাতের ম্যাচের আগের হিসাব)। চার ম্যাচে দ্বিতীয় হারে ষষ্ঠ স্থানে নেমে গেছে স্টিভেন স্মিথের রাজস্থান রয়্যালস।
দিনের অন্য ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মোকাবেলা করছে দিল্লী কেপিটাল। এখানেও দুই দলই তিন খেলায় দুটিতে জয় নিয়ে ৪ পয়েন্ট করে তাদের ঝুলিতে রেখেছে।
ইত্তেফাক/এসআই
