g ব্রত রায়
গুজব দমন মন্ত্রী
ঘটনা যেটুক ঘটে তার চেয়ে
গুজব বেশিই রটে
গুজব যখন ডালপালা মেলে
দেশ পড়ে সংকটে।
গুজব দমনে মন্ত্রী আসুক
এইটাই আজ চাওয়া
গুজবের সাথে সত্যটাকেও
করিয়া দেবেন হাওয়া!
কবি নিয়ন্ত্রণ মন্ত্রী
জনসংখ্যা নিয়ন্ত্রণে
মন্ত্রণালয় আছে
তেমন কিছুই আজকে আমি
চাই তোমাদের কাছে।
তাদের প্রধান কাজ কী হবে?
কবি নিয়ন্ত্রণ!
এই সময়ে এটাই হলো
বিশেষ প্রয়োজন!
(সামাজিক) যোগাযোগমন্ত্রী
ব্যক্তির যোগাযোগের জন্য
মন্ত্রী আছেন ভাই
সামাজিক যোগাযোগের জন্য
মন্ত্রণালয় চাই!
ফেসবুক নিয়ে মন্ত্রী লাগবে
এক্ষুনি নিয়োগ দিন
এফবির লোক ভুলবে না কভু
আপনাদের এই ঋণ!
পুরুষবিষয়ক মন্ত্রী
নারীবিষয়ক মন্ত্রী আছেন
শিশুর জন্য আছে
কেউ তো দেখে না পুরুষমানুষ
আজকে কীভাবে বাঁচে!
পুরুষের প্রতি নৃশংসতাও
কমিয়ে আনতে হলে—
মন্ত্রী লাগবে! ভুক্তভোগীরা
একথা গেছেন বলে!
ব্যাচেলর বিষয়ক মন্ত্রী
ব্যাচেলর এক অভিশাপ যেন
এই দুনিয়ার বুকে
আর কতকাল মরবে তাহারা
এইভাবে ধুঁকে ধুঁকে?
সুলভ ভাড়ায় বাসা পাক তারা
দূর হোক পেরেশানি
রান্নায় পাকা বুয়া পাক তারা
শৈত্যে গরম পানি!
ঘরজামাই মন্ত্রী
বিলুপ্তপ্রায় প্রাণীর জন্য
মন্ত্রণালয় থাকে
বিলুপ্তপ্রায় গৃহজামাতার
জন্য রেখেছ কাকে?
এদের জন্য মন্ত্রী চাইছি
চাই না ওজর-ছুঁতো
ঘর জামাইয়ের মধ্যে থেকেই
নিয়োগ করুন দ্রুত!
