আরও কিছু মন্ত্রণালয় চাই

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৯:৪৬

 

সদ্য গঠিত হয়েছে নতুন সরকারের মন্ত্রিসভা। জনগণের স্বার্থ বিবেচনায় আরও যে সকল মন্ত্রণালয় গঠন করা যেতে পারত, তা নিয়ে লিখেছেন শিমুল শাহিন

ফেসবুক মন্ত্রণালয়

বর্তমানে দেশের এক বৃহত্ জনগোষ্ঠীর কাছে গুরুত্বপূর্ণ অনুষঙ্গের নাম ফেসবুক! বিনোদনমাধ্যম কিংবা নিত্যসঙ্গী হিসেবে ফেসবুক সকলের কাছে একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে! আর এ জন্য ফেসবুকের ভালো-মন্দ দেখভালের জন্য একটা মন্ত্রণালয় থাকা অতীব জরুরি!

 

ক্রাশ মন্ত্রণালয়

বর্তমানে কারও ওপর ক্রাশ খায়নি এমন গোটা দুয়েক ছেলে বা মেয়ে খুঁজে পাওয়া অনেকটাই কঠিন! ক্রাশ খাওয়াটা এখন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে! আর এজন্য ক্রাশ জিনিশটা টিকিয়ে রাখার জন্য হলেও একটা মন্ত্রণালয় থাকা জরুরি!

 

বেকার মন্ত্রণালয়

দেশের যুব সম্প্রদায়ের একটা বড় অংশ বেকারত্বের অভিশাপে জর্জরিত! এ বৃহত্ সম্প্রদায়ের বেকারত্ব সংরক্ষণে বেকার মন্ত্রণালয় খুব প্রয়োজন!

 

দুর্নীতি মন্ত্রণালয়

দুর্নীতি দমনের জন্য কমিশন আছে, কিন্তু সংরক্ষণের জন্য কোনো প্রতিষ্ঠান নেই! দেশে এতশত দুর্নীতিবাজ, অথচ এদের দেখার কেউ নেই!

 

প্রশ্নফাঁস মন্ত্রণালয়

প্রাইমারি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন স্কুল-কলেজে ভর্তি পরীক্ষা আর চাকরির পরীক্ষাগুলোর প্রশ্নফাঁস রীতিমতো ঐতিহ্যগত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে! এই ঐতিহ্য রক্ষার জন্য মন্ত্রণালয় গঠন এখন সময়ের দাবি!

 

রাজশাহী