মেলাতে বিশ বান্ধবী...

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৯:৪৮

g সাঈদ সাহেদুল ইসলাম

 

সুমন্ত রে—করলি এ কী! বান্ধবী তোর বিশ!

আমার পাশে বসিয়ে দিয়েই কেন ভেগেছিস?

মেলায় যদি ওদের নিবি, আমায় কেন সাথে

তুই নিলিরে? এখন আমি জব্দ ওদের হাতে!

দুজন সুখে ফুচকা খেলে অর্ডার দিয়ে নিজে,

বিলটা দিতে ‘হ্যাঁ’ করেছি মিষ্টি কথায় ভিজে।

দুজন খেলে চটপটি সে বিলও আমার কাঁধে,

চেয়ে নিয়ে খেতে ওদের কই বিবেকে বাঁধে!

দু বান্ধবীর বায়না—তারা খাবে চিকেন ফ্রাই,

ক্যামনে বলি আপনারা খান এবার আমি যাই?

দুজন দিল মিষ্টি হাসি—গেলাম আমি গলে,

কফি শপেই কফি খাবে বলল কথার ছলে।

এবার দুজন হাত টেনেছে তখন আমি শেষ,

বলল, ‘আইসক্রিমে এবার ঠাণ্ডা হবে বেশ!’

আর দুজনের কাণ্ড বলি হালিম খেলো চেটে,

আমি মরা আটকে গেছি ওদের কথার নেটে!

দুজন বলল, ‘ভাবো যদি আমরা তোমার সই,

চাইলে ঠিকই খেতে পারি ফ্রিজের ঠাণ্ডা দই!’

দু বান্ধবীর মনের খায়েশ—খায় কত সন্দেশ,

বিল দিয়েছি বাহবা ওরা আমায় দিল বেশ।

দুজন বলল, ‘টাটকা আছে, ওই দেখি বার্গার!’

আমি তখন স্বাস্থ্য দেখি, আমার পকেটটার!

শেষে দুজন খেয়ে নিলে ফান্টা কোকাকোলা,

দেখছি মানিব্যাগ তখনই শূন্য ফাঁকা ঝোলা!

খেয়েই ওরা চলে গেল আমায় দিল টা-টা,

এবার ফিরে আয় সুমন্ত, সঙ্গে আনিস ঝাঁটা!