ধর্ষণের বিচারের দাবিতে ঢাবিতে অবস্থান কর্মসূচি

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৯:২২

সারাদেশে সংগঠিত ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশকিছু শিক্ষার্থী। 

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় এ অবস্থান নেন তারা। শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ইমাম হাসান, বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের শকিবুল ইসলাম (সুমন), লিমন শিকদার, এসএম হলের শিক্ষার্থীদের মাসুম বিল্লাহ, হাজী মুহাম্মদ মহসীন হলের শিক্ষার্থীদের  মেহেদি হাসান ও সোয়েব আহাম্মেদ সজিব। 

অবস্থান কর্মসূচি পালনের সময় ইমাম হাসান বলেন, সারাদেশে একের পর এক ধর্ষণ ঘটেই চলেছে। সম্প্রতি সিলেটের এমসি কলেজ এবং নোয়াখালীর বেগমগঞ্জে ভয়ঙ্কর নারী নির্যাতনের ঘটনা আমাদের শিহরিত করে তুলেছে। ধর্ষকদের দ্রুত বিচার কার্যকর করা ছাড়া এ ধরনের ঘটনা নিবৃত করা সম্ভব নয়। ধর্ষণের বিচারের জন্য দেশে চলমান আইনের সংশোধন করা জরুরী হয়ে পড়েছে। 

আরো পড়ুনঃ বর্ষা এলেই বিদ্যালয়ের চারপাশে পানি জমে, দুর্ভোগে শিক্ষার্থীরা

তিনি বলেন, ধর্ষকের কোন পরিচয় নেই। একজন মানুষকে আপনি বিচার করতে গেলে সে যেকোন জাতি, গোত্রের মধ্যে পড়বে। কিন্তু ধর্ষকের কোন জাতি নেই, দল নেই, গোত্র নেই। ধর্ষক, ধর্ষকই। তার পরিচয় ধর্ষক। ধর্ষকের বিচার হতেই হবে। 

এসময় তারা দুটি দাবি উত্থাপন করেন। ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ ও দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যকর করা। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে যাবেন বলে ঘোষণা দেন তারা।


ইত্তেফাক/এমএএম