এটুআইয়ের শিক্ষক বাতায়ন

পিরোজপুরের দুই শিক্ষক সর্বোচ্চ কনটেন্ট আপলোডার

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২২:১০

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রোগ্রাম পরিচালিত শিক্ষক বাতায়ন দেশের সর্বস্তরের শিক্ষার্থীর জন্য অনলাইন ক্লাস পরিচালনা করছে। এতে সর্বোচ্চসংখ্যক কনটেন্ট আপলোড করে পিরোজপুরের দুই তরুণ শিক্ষক সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। ইন্দুরকানী উপজেলার বাড়ৈখালী এসজিএস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রতন বিশ্বাস মুজিব শতবর্ষ ক্যাটাগরিতে এবং সদর উপজেলার খামকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মো. রহমত আলী ম্যাগাজিন ক্যাটাগরিতে ড্যাশ বোর্ডে টপ কনটেন্ট আপলোডার হিসেবে স্থান করে নিয়েছেন। বাংলাদেশের মধ্যে শিক্ষক বাতায়নের ড্যাশ বোর্ডের ১০টি ক্যাটাগরিতে রতন বিশ্বাস সপ্তম ও রহমত আলী পঞ্চম স্থান অর্জন করেছেন। এ কৃতিত্ব অর্জনে পিরোজপুরের জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার উক্ত শিক্ষকদের সম্প্রতি সম্মাননা স্মারক প্রদান করেন। তাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ধারাবাহিকভাবে সম্পন্ন করাকে তাদের এই সাফল্যের ভিত্তি বলে জানান শিক্ষক রতন বিশ্বাস ও শেখ রহমত আলী।