গত পহেলা এপ্রিল থেকে ঢাকা ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন সচিব, ঢাকা ওয়াসা, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন।
ঢাকা ওয়াসার পানির দাম বাড়িয়ে গত ২৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে একটি আদেশ জারি করা হয়। এতে বলা হয়, আবাসিকে ঢাকা ওয়াসার সরবরাহ করা প্রতি ১ হাজার লিটার পানির দাম ১১ টাকা ৫৭ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা ৪৬ পয়সা করা হয়েছে। এছাড়া বাণিজ্যিক সংযোগে প্রতি হাজার লিটার পানির দাম ৩৭ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে।
এই পানির দাম বৃদ্ধির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৫ জুন হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমেদ। গত ২২ জুন বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ ১০ আগস্ট পর্যন্ত দাম বৃদ্ধির ওপর নিষেধাজ্ঞা দেয়। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালত ঐ আদেশ স্থগিত করে। গতকাল ঐ রিট আবেদনটি হাইকোর্টের নিয়মিত বেঞ্চে উপস্থাপন করা হয়। শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করে বলে জানান রিটকারী আইনজীবী।
