খুব একটা প্রেশার নেই এ কাজে, এ কারণেই করা। আড্ডার মতো করে আমি সবার সঙ্গে কথা বলি। আমার নিজের মনে যা জানার থাকে আমি তা জানার চেষ্টা করি। সাবলীলভাবেই কাজটা হয়ে যাচ্ছে।
—অভিনেত্রী মিথিলা
বিনোদন রিপোর্ট
টিভি খুললেই উপস্থাপকের ভূমিকায় দেখা যায় অভিনেতা-অভিনেত্রীদের। তবে সংখ্যার দিক দিয়ে অভিনেত্রীরাই বেশি। টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানের পাশাপাশি রেডিওতেও রেডিও জকির ভূমিকায় দেখা মেলে অভিনেত্রীদের।
১৬ জানুয়ারি থেকে নিউজ টুয়েন্টি ফোর চ্যানেলে ‘কুইজিং টাইম’ শিরোনামের নতুন একটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন সুবর্ণা মুস্তাফা। ২২ পর্বের এ অনুষ্ঠানের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ মার্চ। প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার রাত ১১টায় প্রচার হবে এই অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৩২ জন শিক্ষার্থী এতে অংশ নেবেন।
এদিকে চ্যানেল আইয়ের শিশুদের প্রতিযোগিতামূলক গানের রিয়েলিটি শো ‘গানের রাজা’র উপস্থাপনা করছেন মডেল-অভিনেত্রী মুমতাহিনা টয়া। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা করা প্রসঙ্গে টয়া বলেন, ‘এর আগেও একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছি। সেকারণেই রিয়েলিটির শোতে উপস্থাপনার প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে রাজি হয়েছি। এটা মূলত ভালোলাগা থেকেই করা।’
বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘আমার আমি’ উপস্থাপনা করছেন অভিনেত্রী মিথিলা। তিনি বলেন, ‘খুব একটা প্রেশার নেই এ কাজে, এ কারণেই করা। আড্ডার মতো করে আমি সবার সঙ্গে কথা বলি। আমার নিজের মনে যা জানার থাকে আমি তা জানার চেষ্টা করি। সাবলীলভাবেই কাজটা হয়ে যাচ্ছে।’
এছাড়া অনেক অভিনেত্রীই উপস্থাপনা করছেন ও করেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য অভিনেত্রী অপি করিম, বিপাশা হায়াত, মৌসুমী হামিদ, আজমেরি হক বাঁধন, সাফা কবিরসহ অনেকেই রয়েছেন।
