ধর্ষণের প্রতিবাদে শেকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন ও গণপদযাত্রা

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ১৪:০৩

নোয়াখালীর বেগমগঞ্জ সহ দেশজুড়ে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনে জড়িত সকল অপরাধীদের দ্রুততম সময়ে বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও গণপদযাত্রা কর্মসূচী পালন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেটে শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী বক্তব্য সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় তারা ধর্ষক ও ধর্ষণে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান৷ 

দুপুর ১২ টায় শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে সংসদ ভবন অভিমুখে যাত্রা শুরু করেন। পরে সংসদের সামনে গিয়ে অবস্থান করেন এবং সবাইকে নিজ নিজ স্থান থেকে প্রতিবাদ ও ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
 
বক্তারা বলেন, স্বাধীন দেশের এই মানচিত্রে আমাদের মা-বোন আজ নিরাপদ নেই। প্রতিদিনই কোথাও না কোথাও নির্যাতন, ধর্ষণ কিংবা শ্লীলতাহানির শিকার হচ্ছেন নরপশুদের হাতে। বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে বর্বর নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ দেশের প্রত্যেকটি ধর্ষণ ও নির্যাতনের বিচার চাই। বিশেষ ট্রাইবুনাল গঠন করে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন কামরুল ইসলাম তারেক, মওদুদ আহমেদ, আবদুল্লাহ আল মাসুদ, সজীব আহমেদ এবং ৭ দফা দাবি তুলে ধরেন মানববন্ধনের সমন্বয়ক মোহাইমিনুল ইসলাম।

ইত্তেফাক/এএম