দীর্ঘ কয়েকবছর ধরেই অসুস্থ অভিনেতা সালেহ আহমেদ। প্রায় ৭ বছর আগে তিনি ব্রেন স্ট্রোক করেন। পাশাপাশি তার ফুসফুস প্রদাহজনিত সমস্যাসহ বাত সমস্যাও রয়েছে। যে কারণে তিনি স্পষ্টভাবে কথা বলতে পারেন না। এমনকি স্বাভাবিকভাবে হাঁটতেও পারেন না। অর্থ সঙ্কটে ঠিকমতো চিকিত্সা করতে পারছিলেন না। অনেকেই দাবি করছিলেন সালেহ আহমেদের চিকিত্সার জন্য সরকারি অনুদানের ব্যবস্থা করা হোক। অভিনয়শিল্পী সংঘ সম্প্রতি উদ্যোগ নেয় সালেহ আহমেদের জন্য। অবশেষে সাড়া দিয়ে এই অভিনেতার পাশে দাঁড়ালেন শিল্পীবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সালেহ আহমেদের চিকিত্সার জন্য ২৫ লাখ টাকার অনুদান প্রদান করেছেন তিনি। শুক্রবার সালেহ আহমেদের পরিবার ও অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদের হাতে এই অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। সালেহ আহমেদের মতো গুণী অভিনেতার পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শিল্পী সংঘের নেতাকর্মীরা। নাট্যাঙ্গনের অনেকেও এই খবরে নতুন সরকার প্রধানকে সাধুবাদ জানিয়েছেন।
