বাংলা সাহিত্যে মণি-মুক্তার মতো ছড়িয়ে থাকা অসংখ্য সৃষ্টিকর্ম অবলম্বনে শিশু-কিশোরদের জন্য ধারাবাহিক নাটক ‘গল্পের ঝুড়ি’। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকুমার রায়, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, শিবরাম চক্রবর্তী বাংলা সাহিত্যের বরেণ্য এই লেখকদের রচনা থেকে বিভিন্ন স্বাদের গল্প, কবিতা ও নাটক অবলম্বনে এই ধারাবাহিকটি নির্মাণ করা হয়েছে। একজন লেখকের রচনা থেকে ২টি খণ্ড করে নির্মাণ করা হয়েছে একেকটি নাটক। এই নাটকগুলোতে যেমন রয়েছে হাস্যরসের উপাদান, তেমনি আছে উপদেশের বাণী। আছে মানুষের দৈনন্দিন জীবনযাপনের নানাবিধ বিষয় থেকে উঠে আসা জীবনের মূল সত্য।
জীবনের চলার বাঁকে বাঁকে ছড়িয়ে থাকা বহু ঘটনা, গল্প গাঁথা থেকে শিশুদের সামনে এগিয়ে চলার প্রেরণা জোগায় যেসব রচনা তারই নির্বাচিত নাটকের রূপ ‘গল্পের ঝুড়ি’।
এই ধারাবাহিক নাটকটিতে অভিনয় করেছেন অনিন্দ্য সাইয়ীদ, সাজু খাদেম, এসএম মহসিন, সাবিহা জামান, মৌসুমী অধিকারী, খলিলুর রহমান কাদরী, শ্রেষ্ঠা, রাইদা, রাতুল, দাইয়ানসহ অনেকে। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল।
