কফিন খুলতেই বেরিয়ে এলো ২৫০০ বছরের পুরোনো মমি!

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২০:৪৭

শুইয়ে রাখা আছে কফিন। তার চারদিক ঘিরে দাঁড়িয়ে রয়েছে উত্সাহী জনতা। অনেকেই ক্যামেরা তাক করে রেখেছেন কফিনের দিকে। মিশরের এক দল প্রত্নতত্ত্ববিদ খুললেন কফিনের ঢাকনা। তা সরতেই দেখা মিলল আড়াই হাজার বছরের পুরোনো মমির। মিশরের সাকারা এলাকা থেকে পাওয়া গিয়েছে ঐ মমি। উন্মোচনের ভিডিও সেখানে উপস্থিত জনতার মতোই হামলে পড়ে দেখেছেন উত্সাহীরা।

মিশরের পুরোনো মেমফিস শহরের সাকারা প্রত্নতত্ত্ব এলাকা। সেখানেই সন্ধান মিলেছে আড়াই হাজার বছরের পুরোনো মমির। মিশরের পর্যটন মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে ঐ এলাকা থেকে ৫৯টি কফিন বন্দি মমি উদ্ধার করা হয়েছে। সেই কফিনগুলো ভালো অবস্থাতেই রয়েছে। সেই যুগের পুরোহিত, সমাজের সম্মানীয় ব্যক্তিদের মমিই কফিনে রয়েছে বলে মত প্রত্নতত্ত্ববিদদের। সাকারাতে ১৩টি কফিন এখনো অবধি উদ্ধার হয়েছে। সেখানে থাকা আরো ১৪টি কফিনের খোঁজও মিলেছে। জনতার সামনে কফিন খুলে মমি বের করার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। সোমবার আপলোড হতেই ৯০ লাখেরও বেশি বার দেখা হয়েছে সেটি। বিরল দৃশ্য দেখে নিজেদের বিস্ময় গোপন করেননি নেটাগরিকদের একটি বড় অংশ। কেউ কেউ আবার ভয়ও পেয়েছেন কিছু সম্ভাবনার কথা ভেবে। একজন লিখেছেন, ‘এরকম জিনিসে বহু বছরের পুরোনো ভাইরাস বা জীবাণু থাকতে পারে। যা প্রতিরোধ করার ক্ষমতা আমাদের নেই।’ অপর এক জন লিখেছেন, ‘এমনিতেই বছরটা এরকম যাচ্ছে, খোলার জন্য আর কয়দিন অপেক্ষা করা যেত না?’ তবে কফিন খুলে মমি দেখাতে নেটাগরিকরা মজেছেন, এতে কোনো সন্দেহ নেই। আনন্দবাজার পত্রিকা