ইত্তেফাক ডেস্ক
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে গৃহবধূকে ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উত্তাল হয়ে পড়ে সারা দেশ। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
বরিশাল : বরিশালে পৃথক মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা পরিষদের উদ্যোগে এবং সামাজিক প্রতিরোধ কমিটির সহায়তায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা মহিলা পরিষদের সহসভাপতি অধ্যাপক শাহ্ সাজেদার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, প্রতীমা সরকার, জেসমিন আক্তার, পরিবেশবিদ রফিকুল আলম প্রমুখ। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদ। বরিশাল প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদী হাসান। বক্তব্য রাখেন আতিকুর রহমান, রনি খন্দকার ও ফয়সাল হোসেন।
চট্টগ্রাম: চট্টগ্রাম নারী উন্নয়ন সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটি, চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক সমন্বয় পরিষদ, অভিভাবক ঐক্য ফোরাম-চট্টগ্রাম, নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ-চট্টগ্রাম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, প্রগতিশীল ছাত্রজোট-চট্টগ্রাম, চট্টগ্রাম মহানগর বিএনপিসহ বিভিন্ন সংগঠন মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। সমাবেশে কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল বক্তব্য রাখেন।
রাজশাহী : রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্ট সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রাজশাহী নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন ছাত্রসংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্ষণবিরোধী নানা স্লোগান দেন। এ সময় নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ এবং তানোরের গির্জায় কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
রংপুর : রংপুরে ধর্ষণ ও নিপীড়নবিরোধী ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। রংপুর প্রেসক্লাবের সামনের মানববন্ধনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন একাত্মতা প্রকাশ করে।
বাগেরহাট : বাগেরহাটে মানববন্ধন করেছে মহিলা পরিষদ ও বাদাবন। বাগেরহাট প্রেসক্লাবের সামনে মহিলা পরিষদ ও বাদাবন এ কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন বাগেরহাট মহিলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট সীতা রানী দেবনাথ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভীন আহমেদ, সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উন্নয়নকর্মী রিজিয়া পারভীন, সাবেক সভাপতি তহুরা হোসেন, রুপান্তরের শিল্পী আক্তার, মহিলা পরিষদের সদস্য ঝিমি মণ্ডল প্রমুখ।
নেত্রকোনা : নেত্রকোনার মগড়া সেতুর ওপর মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করা হয়। অবস্থান ধর্মঘট ও মানববন্ধন চলাকালে নারী নির্যাতন কমিটির সাধারণ সম্পাদক আলপনা বেগমের পরিচালনায় এই সামাজিক অন্দোলনের প্রতি সংহতি এবং একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুনসী, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, সামাজিক প্রতিরোধ কমিটির আহ্বায়ক তাহেজা বেগম প্রমুখ।
সাতক্ষীরা : শহরের শহিদ আলাউদ্দিন চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহ্বায়ক মো. আনিসুর রহিম। এছাড়াও সাতক্ষীরার শ্যামনগর ও কালীগঞ্জ উপজেলা সদরে অনুরূপ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বানে অনুষ্ঠিত মানববন্ধনে উদীচী শিল্পীগোষ্ঠী, জেলা মহিলা পরিষদ, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, নিউজ নেটওয়ার্ক, উত্তরণ, স্বদেশ, প্রগতিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। এ সময় বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল হামিদ, অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, নারী নেত্রী জোন্সা দত্ত, চৈতালী মুখার্জী, মরিয়ম মান্নান, অধ্যাপক সালেহা আক্তার প্রমুখ।
গাইবান্ধা : শহরের পৌর শহিদ মিনার চত্বরে প্রতিবাদী অবস্থান কর্মসূচির আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখা। অন্যদিকে শহরের ডিবি রোডে মানববন্ধন করে গণ উন্নয়ন কেন্দ্র, মহিলা পরিষদ, জলবায়ু পরিষদ, সামাজিক প্রতিরোধ কমিটিসহ একাধিক সংগঠন। প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা শাখার সভাপতি আলমগীর কবির, বিশিষ্ট কবি ও ছড়াকার সাংবাদিক আবু জাফর সাবু, নাট্যজন ফারুক শিয়র চিনু, গাইবান্ধা চেম্বার অব কমার্সের সভাপতি মুক্তিযোদ্ধা মাকসুদার রহমান, জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি প্রমুখ। মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলনের আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেল, জেলা উদীচীর সভাপতি জহুরুল কাইয়ুম, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার সম্পাদক রিকতু প্রসাদ প্রমুখ।
নরসিংদী : ‘আমরা তরুণ জোট’ শীর্ষক ব্যানারে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। এর আগে নরসিংদী পৌরসভার সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে একে একে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে পায়ে হেটে ধর্ষকদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দিতে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর সাত দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ।
লালমনিরহাট : সম্মিলিত সামাজিক সংগঠক ফোরাম জেলা শাখায় সহযোগিতায় গ্রিন ভয়েস জেলা শাখার আয়োজনে শহরের মিশনমোড় চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক সংগঠক ফোরাম জেলা শাখার সভাপতি তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল। বক্তব্য রাখেন তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শহিদ ইসলাম সুজন, গ্রিন ভয়েস কলেজ শাখা সভাপতি রেদোয়ান হোসেন রাঙ্গা প্রমুখ।
শাবি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। এ সময় তারা ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন তারা।
সুনামগঞ্জ : ‘সামাজিক প্রতিরোধ কমিটি’ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা মহিলা পরিষদের সহসভাপতি সঞ্চিতা চৌধুরীর সভাপতিত্বে ও জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট খলিল রহমান, জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মিন্টু চৌধুরী, ছাত্র ইউনিয়নের সভাপতি দুর্যোধন সরকার, সাধারণ সম্পাদক আসাদ মনি প্রমুখ।
মাগুরা : মাগুরা শহরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সামাজিক প্রতিরোধ কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলার শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখার সভাপতি মমতাজ বেগম, সাধারণ সম্পাদক পাপিয়া খন্দকার, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য লিপিকা দত্ত প্রমুখ। মানববন্ধন থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
চবি : বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন শাখা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক শরীফ উদ্দিন, সাবেক পাঠাগারবিষয়ক সম্পাদক আবু বকর তোহা প্রমুখ। এর আগে সকাল ১০টার দিকে একই স্থানে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আরেকটি মানববন্ধনের আয়োজন করা হয়।
বাউফল (পটুয়াখালী) :সকাল সাড়ে ১১টার দিকে বাউফল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বাউফল উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন মো. জুবায়ের হোসেন, হাসান মাহাম্মুদ প্রমুখ।
ভোলা (দক্ষিণ) :ভোলা প্রেসক্লাবের সামনে ভোলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ সময় তারা ধর্ষণ প্রতিরোধে বিভিন্ন ধরনের ব্যানার, ফ্যাস্টুন ও প্ল্যাকার্ড বহন করে।
চৌগাছা (যশোর) :শহরের ভাস্কর্য মোড়ে ‘উপজেলার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে’ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা। এ সময় ‘এর পরে কে!’ ‘আমি কবে ধর্ষিত হব!’ ‘বিচার নাই যে দেশে, ধর্ষক জন্মে সে দেশে’ এ ধরনের বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে তারা।
ঈশ্বরদী (পাবনা) :রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ঈশ্বরদী উপজেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে মঙ্গলবার সকালে ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপত্বি করেন জিকরুল আয়াম সৌরভ।
কচুয়া (চাঁদপুর) :পৌরসভা সংলগ্ন সড়কে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশালের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক প্রমুখ।
কাউখালী (পিরোজপুর) :কাউখালী মহিলা পরিষদের উদ্যোগে এবং সামাজিক প্রতিরোধ কমিটির সহায়তায় মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মহিলা পরিষদের সহসভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খসরু, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহীদা হক, খেলাঘর আসরের সাধারণ সম্পাদক লিটন কৃষ্ণ কর প্রমুখ।
লোহাগড়া (নড়াইল) :লোহাগড়া উপজেলা পরিষদের গেটের সামনে নড়াইল-লক্ষ্মীপাশা-কালনা মহাসড়কে পরিবেশবাদী সংগঠন বহ্নি শিখা ও গ্রীন ভয়েস নড়াইল জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক লিয়াকত হোসেন বিশ্বাস, সরদার আব্দুল হাই প্রমুখ।
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) :নাসিরনগরের পাবলিকিয়ান ও সচেতন ছাত্রসমাজের ব্যানারে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী মোর্শেদ আলম, শ্রীকৃষ্ণ চিত্রনন্দী, জুবায়ের হোসেন প্রমুখ।
পলাশ (নরসিংদী) :পলাশের ঘোড়াশালে ‘ঘোড়াশালবাসী’ নামের এক ব্যানারে বিভিন্ন সামাজিক সংগঠনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা ‘চল যাই যুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে’, ‘ধর্ষকের লাগাম ধরো, মা-বোনকে রক্ষা কর’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’ প্রভৃতি প্ল্যাকার্ড বহন করে।
কমলগঞ্জ (মৌলভীবাজার) : উপজেলার ভানুগাছ বাজার চৌমুহনায় ব্লাড ডোনেশন গ্রুপ (বিডিজি)-এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্লাড ডোনেশন গ্রুপ কমলগঞ্জের নির্বাহী পরিচালক মো. রেদওয়ানুল ইকবাল রাহীর সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পূর্বধলা (নেত্রকোনা) : ‘সুস্থ সমাজের কীট ধর্ষকদের বিরুদ্ধে গর্জে উঠো বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে উপজেলা ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা সদরের পূর্বধলা বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জামতলা এলাকা হয়ে খাদ্য গুদাম রোডে এসে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
হাটহাজারী (চট্টগ্রাম) :সোমবার আসর নামাজের পর উপজেলার ডাক বাংলো চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখার সিনিয়র সভাপতি মুফতি মুহাম্মদ আলী কাসেমী এতে সভাপতিত্ব করেন।
