নারীদের ওপর সহিংসতায় ক্ষোভ প্রকাশ করে এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা এই বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বলেছেন, এই অন্যায়ের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
আইসিসির নিষেধাজ্ঞায় থাকা সাকিব দেশে অনুশীলন শুরু করেছিলেন। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ স্থগিত হওয়ায় তিনি আবার পরিবারের কাছে ফিরে গেছেন। সেখান থেকে ফেসবুকে লিখেছেন, ‘একশ্রেণির বর্বর মানুষ বয়স, ধর্ম ও বর্ণনির্বিশেষে নারী ও শিশুদের প্রতি প্রতিদিনই যে জঘন্য অন্যায় করছে, তারপর আমি আর চুপ থাকতে পারি না। আমার অবস্থান তাই সব ধরনের ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে। একে অপরের অধিকার রক্ষা ও আদায়ের জন্য আমাদের চালিয়ে যেতে হবে লড়াই, ঠিক যেভাবে আমাদের অধিকার নিশ্চিত করতে লড়েছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা।’
সাকিব সবাইকে এই লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন, ‘আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করি এবং আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি, যাতে তারা স্বপ্ন দেখতে পারে এবং নির্ভয়ে তাদের জীবনযাপন করতে পারে। মনে রাখবেন, আজকে আমরা যদি এই বর্বর এই আচরণ ও মানসিকতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তবে একদিন আমাদের প্রিয়জনদের একজনই হতে পারে এই নির্মমতার ভুক্তভোগী।’
