একের পর এক ক্রিকেট আয়োজন

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ০৩:২৫

করোনার ভয়কে জয় করে ক্রিকেটাঙ্গন সচলের পদক্ষেপে সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে বিসিবি। স্বাস্থ্যবিধি মেনে একাকী, দলগত অনুশীলনের পর জৈব সুরক্ষা বলয়ে থেকে প্রস্তুতি ম্যাচও খেললেন ক্রিকেটাররা। এবার প্রতিযোগিতামূলক ক্রিকেটই শুরু করতে যাচ্ছে বিসিবি। আগামী ১১ অক্টোবর ত্রিদলীয় ওয়ানডে সিরিজ শুরু হবে। নভেম্বরের মাঝামাঝি করপোরেট টি-২০ লিগ আয়োজন করবে বিসিবি। সেখানে বিদেশি ক্রিকেটার রাখার চিন্তাও হচ্ছে।

গতকাল মিরপুর স্টেডিয়ামে বিকালে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘আমরা ক্রিকেট খেলাটাকে একটা সিকিউরড অবস্থায় ফেরত আনতে চাই।’ এই প্রক্রিয়াগত অনুশীলনগুলো করোনাকালে ক্রিকেট আয়োজনের পূর্ব ও আবশ্যক শর্ত। তাতেই বাইরের দলগুলো বাংলাদেশে খেলতে সাহস পাবে। পাপন বলেছেন, ‘এই জিনিসগুলোই তো আমরা অনুশীলন করার চেষ্টা করছি। আমরা যদি এই জিনিসগুলো আমাদের দলের মধ্যে ও খেলোয়াড়দের মধ্যে সফলভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে বাইরের দলগুলোও এটার ওপর সাহস পাবে আর আমাদের এখানে খেলতে আসার সম্ভাবনা আরো বেশি বেড়ে যাবে।’

বিসিবি সভাপতি বলেছেন, ত্রিদলীয় সিরিজে দলগুলোর নেতৃত্ব দিবেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল শান্ত। অধিনায়কত্ব নিতে রাজি হননি মুশফিকুর রহিম। ২৩ অক্টোবর সিরিজের ফাইনাল বিটিভিতে সম্প্রচার হবে। তার আগে প্রতিটি ম্যাচ পিচ ভিশনের মাধ্যমে লাইভ স্ট্রিমিং হবে ও ইউটিউবে দেখতে পাবেন ক্রিকেটামোদীরা। ম্যাচগুলো হবে দিবারাত্রির, ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। নভেম্বরের মাঝামাঝি মাঠে গড়াবে টি-২০ লিগ। যেটি করপোরেট বা বিসিবির নিজস্ব আয়োজন হতে পারে। যার টিভি স্বত্ব বিক্রি করবে বিসিবি। অকশনের মাধ্যমে পাঁচটি দল গঠন করা হবে। বিদেশি ক্রিকেটার রাখার ভাবনা রয়েছে বিসিবির। যদিও সেটি চূড়ান্ত হয়নি এখনও। সবগুলো ম্যাচই হবে মিরপুর স্টেডিয়ামে।

এছাড়া মাশরাফি-সাকিব এই টি-২০ লিগ দিয়েই ক্রিকেটে ফিরবেন।

মাহমুদউল্লাহ একাদশ:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।

স্ট্যান্ডবাই: আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।

নাজমুল একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হূদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ঈমন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহী, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাঈম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।

স্ট্যান্ড বাই: সুমন খান, সাদমান ইসলাম ও তানভীর ইসলাম।

তামিম একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহদাত হোসেন, ইয়াসির আলী, আকবর আলী, এনামুল হক বিজয়, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি।

স্ট্যান্ডবাই: শফিকুল ইসলাম, মাহিদুল অঙ্কন ও মেহেদী হাসান রানা।

ত্রিদলীয় সিরিজ

তারিখ ম্যাচ ভেন্যু

১১ অক্টোবর মাহমুদউল্লাহ একাদশ-নাজমুল একাদশ মিরপুর

১৩ অক্টোবর মাহমুদউল্লাহ একাদশ-তামিম একাদশ মিরপুর

১৫ অক্টোবর নাজমুল একাদশ-তামিম একাদশ মিরপুর

১৭ অক্টোবর মাহমুদউল্লাহ একাদশ-নাজমুল একাদশ মিরপুর

১৯ অক্টোবর মাহমুদউল্লাহ একাদশ-তামিম একাদশ মিরপুর

২১ অক্টোবর নাজমুল একাদশ-তামিম একাদশ মিরপুর

২৩ অক্টোবর ফাইনাল মিরপুর

২৪ অক্টোবর রিজার্ভ ডে (ফাইনাল) মিরপুর

সিদ্ধান্ত

* ত্রিদলীয় ওয়ানডে সিরিজ শুরু ১১ অক্টোবর

* নভেম্বরের মাঝামাঝি পাঁচ দলের টি-২০ লিগ