মরণঘাতী করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ সংখ্যক সংক্রমিত রোগীর পাশাপাশি দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর ঘটনাও ঘটেছে। পরিস্থিতি সঙ্কটাপন্ন হলেও দীর্ঘ লকডাউনের কারণে সাধারণ নাগরিকদের ঘরের বাইরে বের হওয়ার আকাঙ্ক্ষা দমিয়ে রাখা যায়নি। মে মাসের শুরুর দিকে ফ্লোরিডা অঙ্গরাজ্যে লকডাউন শিথিল করা হলে স্থানীয়রা সমুদ্র সৈকতে ভিড় জমাতে শুরু করে। তাদের রুখতে এবং করোনা বিষয়ক সতর্কতা বিস্তারে অদ্ভুত এক পন্থা হাতে নেন ড্যানিয়েল উহফেল্ডার নামে সেখানকার এক আইনজীবী।
মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজের এক ভিডিও প্রতিবেদনে দেখা যায়, ফ্লোরিডার এক সমুদ্র সৈকতে ‘গ্রিম রেপার’ নামক এক কাল্পনিক চরিত্রের পোশাক ধারণ করে ঘুরছেন ড্যানিয়েল। এই চরিত্রটি সাধারণত মৃত্যুর প্রতীকী বোঝায়। যারা করোনাভাইরাসের এই মহামারির মধ্যেও সৈকতে এসেছেন তাদের সতর্ক করতেই এই পদক্ষেপ নিয়েছেন এই আইনজীবী।
এ প্রসঙ্গে ড্যানিয়েল বলেন, আমরা বর্তমানে খুব ভয়ঙ্কর একটি ভাইরাসের মোকাবিলা করছি। এর সঙ্গে আমাদের দীর্ঘদিন লড়াই করতে হবে। অনেক মানুষ এ সময় প্রাণ হারাবে। আমি জানি ফ্লোরিডার মানুষ সৈকত ভালোবাসে। আমি নিজেও সৈকতে এসে নোনাজলে গা ভেজাতে পছন্দ করি। এতোদিন লকডাউন ছিলো তাই কেও আসেনি। কিন্তু তা শিথিল করে শহর কর্তৃপক্ষ সৈকত খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যার দরুন মানুষ এখানে আসতে শুরু করেছে। শিগগির সৈকতগুলো বন্ধ করতে হবে।
আরো পড়ুন: ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় বিতর্ক চান না বাইডেন
এনবিসি নিউজ বলছে, ড্যানিয়েল মৃত্যুর বেশ নিয়ে সৈকতে হেঁটে বেড়ালেও স্থানীয়রা তেমন প্রতিক্রিয়া দেখায়নি। তবে সবাই নিজেদের মধ্যে সামাজিক দূরত্বের নিয়ম বজায় রেখেছে বলে দেখা গেছে।
সৈকতে আসা এক স্থানীয় বলেন, দুই মাস লকডাউনে ছিলাম আমরা। সমুদ্র সৈকত খুলে দেয়ায় খুব আনন্দ লাগছে।
ফ্লোরিডার সাউথ ওয়াল্টন শহর কর্তৃপক্ষ বলছে, সৈকতে সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরী। যদি তা সম্ভব না হয় তাহলে আবার বন্দীদশায় ফিরে যেতে হবে সবাইকে।
ওয়ার্ল্ড ও মিটারের তথ্য মোতাবেক, প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৭৬ লাখ ৭৯ হাজার ৯০৮ জনের দেহে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৯ জনের।
ইত্তেফাক/এমআর
