গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
গাংনী উপজেলার চেংগাড়ায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কবরস্থানের রাস্তা তৈরি করছে গ্রামবাসী। ইতোপূর্বে রাস্তা নির্মাণের জন্য জনপ্রতিনিধি ও সরকারের বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করেও কোনো প্রতিকার না পেয়ে অবশেষে এ রাস্তা নির্মাণ করছে তারা। তবে গ্রামবাসী আশা করছে দ্রুততম সময়ের মধ্যে সরকারিভাবে সহায়তা পাওয়া যাবে। কবরস্থানের রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়ে মাঠে নেমেছেন প্রাক্তন উপজেলা চেয়ারম্যান হাজী দাউদ হোসেন, কবরস্থানের সভাপতি আব্দুল গনি, সম্পাদক কামাল আহমেদ, আবু ইউসুফ, শুকুর আলি, ইয়াসিন আলি, আহসান হাবিব, দাউদ হোসেন প্রমুখ। কবরস্থানের সভাপতি আব্দুল গনি বলেন, এ রাস্তা নির্মাণ না হওয়ার কাঁদা মাটি পার হয়ে লাশ দাফন করতে হয়। এছাড়া ওই মাঠের জমি চাষাবাদে বিড়ম্বনায় পড়তে হয়। কৃষকের উত্পাদিত ফসল সময় মতো ঘরে তুলতে না পেরে অনেক সময় মাঠেই পড়ে থাকে। এ কারণে অনেক ফসলই নষ্ট হচ্ছে। কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, ইতোপূর্বে সাবেক এমপি, জেলা প্রশাসক ও সাবেক উপজেলা চেয়ারম্যানসহ অন্য জনপ্রতিনিধি এ রাস্তা নির্মাণের আশ্বাস দিলেও আজও তা বাস্তবায়ন হয়নি। এ কারণে গ্রামের লোকজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কবরস্থানের রাস্তা নির্মাণ করছে।
