রেজমিন হাফিজ, একজন নারী উদ্যোক্তা। একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্প্রতি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উদ্যোক্তাদের নিয়মিত উত্সাহ প্রদান করে আসছেন। শুধু তাই নয় তিনি নারী উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধাও দিয়ে আসছেন। প্রধানমন্ত্রী নারীদেরকে অনুপ্রেরণা দিয়ে সফল নারী উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছেন। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণার এই গল্পকে অবলম্বন করেই সফল নারী উদ্যোক্তা রেজমিন হাফিজের জীবনের গল্প অবলম্বনে নির্মিত হলো বিশেষ নাটক ‘তরুনিমা’।
নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন লাক্স তারকাভিনেত্রী নাদিয়া মিম। এতে তিনি জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজলের বিপরীতে অভিনয় করেছেন। সম্প্রতি রাজধানীর উত্তরা সহ বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। নাটকটির গল্প মাসুদ করিম সুজনের। তিনিই নাটকটি নির্মাণ করেছেন। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন পাপ্পু রাজ।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনেক শ্রদ্ধা, ভালোবাসা। তিনি আমাদের দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন। নারী উদ্যোক্তাদের তিনি প্রতিনিয়ত অনুপ্রেরণা যোগাচ্ছেন। এটা সত্যিই আমাদের সবারই অনেক ভালোলাগার বিষয়। প্রধানমন্ত্রীর নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণার বিষয়টিকে উপজীব্য করেই এই নাটকটি নির্মাণ করা হয়েছে। নির্মাতা সুজন বেশ যত্ন নিয়ে কাজটি করেছেন। আশা করি দর্শকের ভালো লাগবে।
নাদিয়া মিম বলেন, তরুনিমা একজন সফল সংগ্রামী নারী উদ্যোক্তা। এমন একটি চরিত্রে কাজ করতে পেরে ভীষণ ভালো লেগেছে। একজন অভিনেত্রী হিসেবে আমি নিজেকে যতটা ভার্সেটাইল ক্যারেক্টারে উপস্থাপন করা যায় সেই চেষ্টাটাই করি। আমি আমার নিজের ভেতরে তরুনিমা চরিত্রটি ধারণ করে ভালোভাবে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি ভালো লাগবে দর্শকের।
মাসুদ করিম সুজন মেধাবী একজন নাট্যকার ও নির্মাতা। সমাজের মানুষের কাজে আসে এমন বার্তাধর্মী নাটকই তিনি নির্মাণ করে থাকেন। এর আগে তিনি ‘ফোকলা বাবু’, ‘টাকার মান’, ‘দুঃখের কোনো রং নেই’, ‘কিস্তি কাদের’, ‘ডেঙ্গু নাসের’ সহ বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্ম নির্মাণ করে বেশ প্রশংসিত হন। নির্মাতা মাসুদ করিম সুজন জানান, শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে।
