আমি বিয়ে করব না

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২০:৩৪

দীর্ঘদিন ধরেই টিভি নাটকে অভিনয় করছেন ছোটপর্দার প্রিয়মুখ আয়েশা সালমা মুক্তি। নাট্যনির্মাতা মাবরুর রশীদ বান্নাহ্র পরিচালনায় এবারই প্রথম মুক্তি কোনো নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘আমি বিয়ে করব না’। নাটকটি রচনাও করেছেন মাবরুর রশীদ বান্নাহ্ নিজেই। এরইমধ্যে এই নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন মুক্তি। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন শামীম হাসান সরকার। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আয়েশা সালমা মুক্তি বলেন, করোনার পর অনেকেই কাজে ফিরেছেন। আমিও টুকটাক কাজ করছি, তবে খুব বেশি নিয়মিত না। অনেকেই নাটকে কাজ করার জন্য নিয়মিত যোগাযোগও করছেন। তবে বেশিরভাগ স্ক্রিপ্টই আসলে পছন্দ হচ্ছে না। এরমধ্যে মাবরুর রশীদ বান্নাহ্র নাটকটির স্ক্রিপ্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তাছাড়া বান্নাহ্ নির্মিত কয়েকটি নাটক আমি দেখেছি। যে কারণে তার নির্দেশনা সম্পর্কে আমি অবগত। অনেক ভালোলাগা নিয়ে নাটকটিতে কাজ করেছি। আমি সাধ্যমতই চেষ্টা করেছি আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে। আশা করি ভালো লাগবে দর্শকের।

নাটকটিতে মুক্তির অভিনয় প্রসঙ্গে নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ্ বলেন, মুক্তি আপু তো দীর্ঘদিন ধরেই টিভি নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন। অভিনেত্রী হিসেবে তিনি একজন পরীক্ষিত অভিনেত্রী। তবে সাধারণত তিনি যে ধরনের গল্পে অভিনয় করে থাকেন নিয়মিত, তা থেকে একেবারেই ভিন্ন ধরনের গল্পের একটি নাটক ‘আমি বিয়ে করব না’। তিনি তার চরিত্রটি ফুটিয়ে তুলতে অনেক শ্রম দিয়েছেন। চেষ্টা করেছেন চরিত্রটি ফুটিয়ে তুলতে। আশা করি তাকে নতুনভাবে দেখতে দর্শকের ভালো লাগবে। বান্নাহ্ জানান, একটি ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে।

এদিকে এরইমধ্যে বেগম আখতারের গাওয়া জনপ্রিয় গান ‘জোছনা করেছে আঁড়ি’-তে মডেল হিসেবে কাজ করেছেন মুক্তি। এতে জোছনা চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটি একটি মিউজিক্যাল ফিল্ম। যা নির্মাণ করেছেন রাশীদ পলাশ। নতুন করে এর আগে গানটি গেয়ে আলোচনায় এসেছিলেন জিনিয়া জাফরিন লুইপা। এবার আবারো গানটি গাইলেন শম্পা দাস। খালিদ হাসান মিলুর মৃত্যুর পর তার ছেলে প্রতীক হাসানের কণ্ঠে ‘মৌসুমী’ ছবির ‘সেই মেয়েটি’ গানের মিউজিক ভিডিওতে অভিনয় করে প্রশংসা কুঁড়িয়েছিলেন মুক্তি।