দুর্গাপুরে সাত দিনব্যাপী কমরেড মণিসিংহ মেলা শুরু

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২১:৫৬

দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা

ব্রিটিশ-বিরোধী সংগ্রামী, টংক আন্দোলনের মহান নেতা, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা, শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের মুক্তি সংগ্রাম এবং সমাজতন্ত্রের মহান নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মনিসিংহ স্মরণে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি-১৯ শুক্রবার পর্যন্ত নেত্রকোনা জেলার দুর্গাপুরে টঙ্ক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে সাতদিনব্যাপী কমরেড মণিসিংহ মেলা শুরু হয়েছে।

শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন মেলা কমিটির আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ বাবু দুর্গা প্রসাদ তেওয়ারী, দলীয় পতাকা উত্তোলন ও সাতদিনব্যাপী মেলার উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড মঞ্জুরুল আহসান খান।  উদ্বোধন শেষে নেতার স্মৃতির প্রতি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্কুল-কলেজ ও সুশীল সমাজের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা কমিটির আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ বাবু দুর্গা প্রসাদ তেওয়ারীর সভাপতিত্বে সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছউদ্দিন মীরের সঞ্চালনায় কমরেড মণিসিংহের জীবনী ও সংগ্রামের উপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন কমরেড মঞ্জুরুল আহসান খান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি বাবু ছবি বিশ্বাস, নেত্রকোনা-১ আসনের বর্তমান সাংসদের সহধর্মিণী ক্যামেলিয়া মজুমদার, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মণিসিংহের একমাত্র সন্তান ডা. দিবালোক সিংহ, মেলা কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, উপজেলা সুজন সভাপতি ও মেলা কমিটির সদস্য অজয় সাহা প্রমুখ। আলোচনা সভা শেষে ঢাকাস্থ দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের সাংস্কৃতিক দল, বিশ্বসাহিত্য কেন্দ্র ও পৌর বাউল দলের আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।