আগৈলঝাড়ায় ডায়রিয়া ও ঠান্ডায় ১৫ শিশু-বৃদ্ধ হাসপাতালে

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২১:৫৭

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় আবহাওয়াজনিত সমস্যা ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অন্তত ১৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তি ছাড়াও প্রতিদিন হাসপাতালের বহিঃবিভাগে অন্তত ৫০ জন রোগীকে চিকিত্সা দিচ্ছেন চিকিত্সকেরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৮ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত পাঁচদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাগধা গ্রামের নিজামুল ইসলামের সাড়ে ছয় বছরের মেয়ে নাবিলা আক্তার ও ছয় মাসের মেয়ে নাজিয়া, নগরবাড়ি গ্রামের মোহন সরদারের এক বছরের ছেলে সিয়াম সরদার, বান্ধাবাড়ি গ্রামের আমীন শেখের দেড় বছরের ছেলে দীন ইসলাম, উত্তর শিহিপাশা গ্রামের মোসলেম হোসেনের ছেলে আকবর হোসেন, বাশাইল গ্রামের মকবুল খানের ছেলে কালাম খান, পূর্ব সুজনকাঠি গ্রামের মনির মোল্লার এক বছরের ছেলে মুয়াজ, চক্রিবাড়ি গ্রামের কাইউম হাওলাদারের নয় মাসের ছেলে রুহাত হাওলাদার, ওই গ্রামের কমিন হাওলাদারের এক বছরের ছেলে কাওসার, গৈলা গ্রামের সৈয়দ ফজলুল হকের স্ত্রী বুলবুলী বেগম, সাতলা গ্রামের প্রদীপ বিশ্বাসের তের মাসের ছেলে বিকাশ বিশ্বাসসহ অন্তত ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ঠান্ডাজনিত আবহাওয়ার কারণে গৈলা গ্রামের বেল্লাল হাসানের ছয় বছরের মেয়ে আলিফা, আস্কর গ্রামের প্রদীপ বাড়ৈর দেড় বছরের মেয়ে মলিনা বাড়ৈ, সুরেশ মজুমদারের সতের মাসের মেয়ে সূর্য মজুমদার ও গৌরনদীর সঞ্জয় ফটিকের সাড়ে নয় মাসের মেয়ে বৈশাখীসহ অনেক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়াও প্রতিদিন হাসপাতালের বহিঃবিভাগে অন্তত ৫০ জন রোগীকে চিকিত্সা দিচ্ছেন কর্তব্যরত চিকিত্সকেরা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মনিরুল ইসলাম জানান, আবহাওয়াজনিত কারণেই অধিকাংশ শিশু ও বয়োবৃদ্ধরা এখন আক্রান্ত হচ্ছেন। তবে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসলে এ সকল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। এজন্য সবাইকে সচেতন হবারও আহ্বান জানান তিনি।