সুবর্ণচরে অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২১:৫৮

নোয়াখালী প্রতিনিধি

বাবা-মায়ের সাথে মান-অভিমানের জের ধরে সুবর্ণচর উপজেলার সৈকত সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্রী লিমা দাস (২২) আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। সে চর আমান উল্যার স্বপন মার্কেট এলাকার লিটন চন্দ্রদাসের বড় মেয়ে। দুপুর সাড়ে ১১টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে ।

 নিহতের বাবা জানান, লিমার ইচ্ছা ছিল চাকরি ও পড়ালেখা করার। কিন্তু এনজিও’তে চাকরি করা নিয়ে পাড়া-প্রতিবেশী লোকজনের খারাপ কথা থেকে বাঁচতে তাকে বিয়ের কথা বললে সে অভিমান করে আত্মহত্যা করে।

 জানা যায়, কয়েকদিন আগে একটি এনজিওতে মাঠকর্মী হিসেবে লিমা দাসের চাকরি হয়। তার ইচ্ছে ছিল পড়া-লেখার পাশাপাশি চাকরি করবে। চাকরিতে যোগদানের ব্যাপারে পরিবার থেকে বাধা দেয়া হয় এবং তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেয়ার কথা বলা হয়। এ নিয়ে মান-অভিমানের জের ধরে গতকাল সকালে কোন এক সময় লিমা বসতঘরের আড়ার সাথে গলায় ধুতি পেঁচিয়ে আত্মহত্যা করে।

বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।