কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে নাজমুল হাসান নামে এক নিকাহ রেজিস্ট্রার (কাজী) আওয়ামী লীগ সরকার ও স্থানীয় মুক্তিযোদ্ধাদেরকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধাসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শনিবার উপজেলার পূর্বধইর (পূর্ব) ইউনিয়নের কোরবানপুর এলাকায় তারা এ কর্মসূচি পালন করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান বন কুমার শীবের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা হাজী নূরুল ইসলাম চুনু, হাজী শামসুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন সাদেক প্রমুখ।
বক্তারা বলেন, কোরবানপুর জিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং নিকাহ রেজিস্ট্রার নাজমুল হাসান দীর্ঘদিন ধরে স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে জনসম্মুখে কটূক্তি করে আসছেন। বিষয়টি নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যানসহ এলাকার লোকজন প্রতিবাদ জানান। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশিদ জানান, গত তিনদিন আগে আমরা বাঙ্গরা বাজার থানার ওসিকে বিষয়টি অবহিত করেছি।
বাঙ্গরা বাজার থানার ওসি মিজানুর রহমান জানান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশিদসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী বিষয়টি জানিয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
