কিশোরগঞ্জে অটোরিকশা চালকের খুনি আটক

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২২:০০

কিশোরগঞ্জ প্রতিনিধি

অটোরিকশা চালককে খুন করে তার বাইকটি ছিনিয়ে নেয়ার মামলার অন্যতম আসামি রোমান (৩০) র্যাবের হাতে ধরা পড়েছে। তার বাড়ি তাড়াইল উপজেলার পানখলা-বোরগাঁও গ্রামে। র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার (বিএন) এম শোভন খানের নেতৃত্বে র্যাবের একটি দল শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে অটোবাইক চুরির সরঞ্জামসহ রোমানকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে রাতেই ছিনতাইকৃত অটোরিকশাটি বাজিতপুরের একটি ভাঙ্গারির দোকান থেকে উদ্ধার করা হয়।

র্যাব জানায়, গত ২২ নভেম্বর যাত্রীবেশে খুনিচক্রের কয়েকজন সদস্য কিশোরগঞ্জ সদর উপজেলার পশ্চিম তারাপাশা গ্রামের রাব্বী মিয়ার অটোরিকশাটি ভাড়া করে এবং পরে রাতে নির্জন স্থানে রাব্বীকে খুন করে তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। দুইদিন পর রাব্বী মিয়ার লাশ রশিদাবাদ-গদাবাড়ি এলাকার বেইলি ব্রিজের নিচে একটি ধানী জমি থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে নিহতের পিতা বাবুল মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়েরের পর র্যাবও ছায়া তদন্ত শুরু করে।

কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান জানান, আটককৃত রোমান ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং সে ছাড়াও এই হত্যাকাণ্ডে জড়িত অপর তিনজনের নাম প্রকাশ করেছে। তাদেরকেও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।