মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২২:০০

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

মঠবাড়িয়ায় সাবিনা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি মালয়েশিয়া প্রবাসী স্বামীর সঙ্গে কলহের জের ধরে সাবিনা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার উদ্ধারকৃত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকী গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইলিয়াস খাঁর স্ত্রী।

নিহত গৃহবধূ সাবিনার বাবা ঘোষের টিকিকাটা গ্রামের মো. আব্দুল হক জানান, এক বছর আগে দুই পরিবারের সম্মতিতে ভেচকী গ্রামের মো. মোকছেদ খাঁর ছেলে মালয়েশিয়া প্রবাসী ইলিয়াসের সঙ্গে সাবিনার বিয়ে হয়। স্বামী মালয়েশিয়া থাকায় সাবিনা বাবার বাড়িতেই থাকতেন। কয়েকদিন আগে শ্বশুর বাড়ির লোকজন ও জামাইয়ের ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। শুক্রবার সকালে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় আয়শাকে দেখে পরিবারের লোকজন থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ জানান, ময়নাতদন্তের জন্য সাবিনার লাশ পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।