নির্বাচন-পরবর্তী সহিংসতাকারীরা সমাজের শত্রু -----------এমপি নিক্সন চৌধুরী

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২২:০০

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সহিংসতাকারীরা সমাজের শত্রু। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এদের প্রতিহত করতে হবে। সুযোগসন্ধানী এসব অপরাধীকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা হবে।

ফরিদপুর-৪ আসনের পুনরায় নির্বাচিত জনপ্রিয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন শনিবার সকালে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পরিদর্শনকালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, সংসদ নির্বাচনে হেরে গিয়ে একটি মহল ফরিদপুর-৪ আসনকে উত্তপ্ত করতে নানা টালবাহানা শুরু করছে। কুচক্রী মহলের কালো থাবা থেকে জনগণকে সর্বদা সজাগ থাকতে হবে।

সংসদ সদস্য নিক্সন চৌধুরী ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ও নাসিরাবাদ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত অসংখ্য পরিবারের পাশে দাঁড়ান এবং তাদের সুখ-দুঃখের খোঁজ-খবর নেন। একই সঙ্গে তাদের পাশে সবসময় থাকবেন এবং সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি। তার সাথে এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা শাহাদাত্ হোসেন। তিনি এ সময় বলেন, ফরিদপুর-৪ আসনে নৌকা হারেনি, হেরেছে ব্যক্তি জাফরউল্লাহ। পরাজিত হয়ে তার সমমনারা যে তাণ্ডব চালিয়েছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শিতায় আজ বাংলাদেশকে একটি উচ্চতায় নিয়ে গেছেন। আগামীতেও দেশ উন্নত হবে একই সাথে বঙ্গবন্ধুর দৌহিত্র ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য নিক্সন চৌধুরীও এই আসনকে আরো উন্নত করবে। নিক্সন চৌধুরীর ইচ্ছাই ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় বিজয়ী হয়ে জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে নৌকায় উঠবেন। আমরা ফরিদপুরবাসী আশাকরি প্রধানমন্ত্রী ফরিদপুর-৪ আসনের জনগণের ইচ্ছার দাম দিয়ে জনগণের মনের  আশা পূরণ করবেন।

নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের দেখতে ও তাদের পাশে দাঁড়াতে সংসদ সদস্য নিক্সন চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ তার সমমনা শত শত নেতা-কর্মী।