১১ সীতাকুণ্ড হাম্মদের মসজিদ

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২১:০৯

সমুদ্রকন্যা চট্টগ্রাম। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় হাম্মদের মসজিদের অবস্থান। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব দিকে মসজিদ্দা গ্রামে এটির অবস্থান। এ গ্রামেই ইতিহাসের সাক্ষী হিসেবে নিজের অস্তিত্বের জানান দিয়ে যাচ্ছে হাম্মদের মসজিদ। এটি সুলতানি শাসনামলের একটি মসজিদ।

শিলালিপি থেকে জানা যায় মসজিদ নির্মাতার নাম। হাম্মদের মসজিদের নির্মাতা হলেন সুলতান গিয়াস উদ্দিন মাহমুদ শাহ্। মসজিদের নির্মাণ সময় হলো ১৫৩৩ থেকে ১৫৩৮ খ্রিষ্টাব্দ। মসজিদের শিলালিপিতে আল দুনিয়া ওয়াল দিন আবুল মুজাফফর মাহমুদ ও সুলতানের পুত্রের নাম লেখা রয়েছে। মসজিদটি খুবই চমত্কার স্থানে নির্মিত হয়। মসজিদ থেকে সামান্য পূর্বে পাহাড় আর পাহাড়, অল্প দূরেই সমুদ্রের বিশাল জলরাশি।

হাম্মদের মসজিদটি একটি প্রাচীন দিঘির পশ্চিম পাড়ে অবস্থিত। মসজিদের বাইরের দিকের পরিমাপ হলো ৬ দশমিক ৩৬ এবং ৬ দশমিক ৩৬ মিটার। ভেতরের দিকের আয়তন হলো ৪ দশমিক ২৬ মিটার এবং ৪ দশমিক ২৬ মিটার। মসজিদের পশ্চিম দেওয়ালে তিনটি মেহরাব রয়েছে। আর পূর্ব দেওয়ালে তিনটি প্রবেশপথ রয়েছে। মসজিদের চার কোণে চারটি মিনার আছে, যেগুলো গোলাকৃতির। মিনারগুলোর ব্যাস ২ দশমিক ৭৭ মিটার। কিন্তু কেন্দ্রীয় মিনারের ব্যাস হলো ৩ দশমিক ২৫ মিটার। পূর্ব দেওয়ালের প্রবেশ-পথের পুরুত্ব ১ দশমিক ৭১ মিটার বা সাড়ে ৫ ফুট। মসজিদের ছাদে একটি বড় গম্বুজ রয়েছে। মসজিদটিতে পোড়ামাটির টেরামাটির টেরাকোঠার অলংকরণ ছিল। যেমনটি আছে মুন্সীগঞ্জের বাবা আদম মসজিদ ও সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদে। হাম্মদের মসজিদের কেন্দ্রীয় মেহরাব বাইরে থেকে দেখতে গোলাকার। মসজিদটি শুধু চট্টগ্রামের নয়, বাংলাদেশের ইতিহাসের একটি অংশ।

lলেখক :প্রাবন্ধিক ও মসজিদ গবেষক