আজ টটেনহ্যামের মুখোমুখি ইউনাইটেড
স্পোর্টস ডেস্ক
অন্তর্বর্তীকালীন কোচ উলে গুনার সোলসারের অধীনে উড়তে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড আজ রাতে টটেনহ্যামের মুখোমুখি হচ্ছে। ম্যাচটি জিতে শীর্ষ চারের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর হাতছানিও আছে রেড ডেভিলদের সামনে।
সাবেক কোচ হোসে মরিনহোর অধীনে অতিমাত্রায় রক্ষণাত্মক ফুটবলের খেসারত দিয়ে পয়েন্ট তালিকার সাতে নেমে গিয়েছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। শেষমেশ তার পদচ্যুতির পর অন্তর্বর্তীকালীন কোচ উলে গুনার সোলসারের অধীনে পরিত্রাণ মিলেছে দলটির। আক্রমণের মন্ত্র বদলে যাওয়া ম্যানইউ শেষ পাঁচ ম্যাচের সবক’টিতে জয়লাভ করেছে। এ সময়ে প্রতিপক্ষের জালে তারা বল জড়িয়েছে ১৬ বার। তবে প্রতিপক্ষগুলো ছিলো কার্ডিফ সিটি, হাডার্সফিল্ড, বোর্নমাউথ, নিউক্যাসল এবং রিডিংয়ের মতো তালিকার নিচু সারির কিংবা দ্বিতীয় বিভাগের দল। পয়েন্ট তালিকার তিনে থাকা টটেনহ্যামের বিপক্ষে দ্বৈরথটিকে তাই ধরা হচ্ছে কোচ সোলসারের প্রথম বড় পরীক্ষা।
তবে প্রতিপক্ষ বড় হলেও আক্রমণাত্মক কৌশলে আপস করবেন না সোলসার। তিনি বলেন, ‘আমি মনে করি এগিয়ে গিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করা আমাদের শক্তির জায়গা। স্পার্সদের বিপক্ষে তাই আমার আক্রমণাত্মক দর্শনে কোনো পরিবর্তন আসবে না।’
ক্লাবটির ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাত্কারে মিডফিল্ডার জেসে লিংগার্ডের কণ্ঠেও কোচের কথাই প্রতিধ্বনিত হলো। তিনি বলেন, ‘ম্যাচটি কঠিনই হতে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে আমরা ছন্দে ফিরে এসেছি। তাই আমরা সেখানে জয়ের ইচ্ছা নিয়েই যাচ্ছি এবং পরিপূর্ণ তিন পয়েন্ট নিয়েই ফিরতে চাই।’
ইংলিশ এই মিডফিল্ডার জানান, সাম্প্রতিক সময়ে যে মানে খেলেছে দল, সেটা ধরে রাখতে পারলে টটেনহ্যামের জয় অবশ্যম্ভাবী। তিনি বলেন,‘বর্তমানে আমরা যে ছন্দে আছি তা টটেনহ্যামের বিপক্ষেও ধরে রাখতে পারলে জয়ই হবে আমাদের যথার্থ ফলাফল।’
শেষ পাঁচ ম্যাচে টটেনহ্যাম প্রতিপক্ষের জালে ১৭ বার বল জড়ালেও একটি ম্যাচে পেয়েছে হারের বিস্বাদ। তবে লিংগার্ড দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচের অপেক্ষাই করছেন। ম্যানইউ মিডফিল্ডারের ভাষায়, ‘ম্যাচটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। অবশ্যই দল হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেড দর্শকদের আমোদিত করারই চেষ্টা করে এবং আমরা এখানেও তাই করার চেষ্টা করবো।’
তিনি আরও বলেন, ‘এমন সব ম্যাচ সবসময়ই দারুণ উত্তেজনায় ঠাসা থাকে। আশা করছি এই ম্যাচটিও তেমনই এক ম্যাচ হবে এবং আমরাও দারুণ নৈপুণ্য দেখাতে সক্ষম হবো।’
টটেনহ্যাম কোচ মরিসিও পচেত্তিনোও দারুণ প্রতিদ্বন্দ্বিতায় ঠাসা এক ম্যাচের অপেক্ষা করছেন। গেল সপ্তাহে কারাবাও কাপের সেমিফাইনালে চেলসিকে হারিয়ে আসায় তিনি আশা করছেন সোলসারের দলকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবে তার দল।
আর্জেন্টাইন কোচ বলেন, ‘অবশ্যই তারা বর্তমানে দারুণ খেলছে। ম্যানচেস্টার ইউনাইটেডের দারুণ কিছু খেলোয়াড় আছে। কঠিন এক ম্যাচই অপেক্ষা করছে আমাদের জন্য কেননা দুবাইতে এই ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছিলো তারা। এবং তার ফলে আমার মনে হয় বেশ প্রাণবন্ত হয়েই এখানে আসবে ইউনাইটেড। আর আমরা কারাবাও কাপের সেমিফাইনালে লড়ছিলাম। কিন্তু আমি মনে করি আমরাও বেশ ভালো অবস্থানে থেকেই ম্যাচটি শুরু করবো এবং এতে লড়াই করবো আমরা।’
