স্পোর্টস রিপোর্টার
বিপিএল অভিষেকেই হ্যাটট্রিক করে হইচই ফেলে দিয়েছিলেন আলিস আল ইসলাম। ঢাকা ডায়নামাইটসের এই আনকোরা অফস্পিনারের ঘূর্ণিতেই গত শুক্রবার ম্যাচ হেরেছিল রংপুর রাইডার্স। তুমুল উত্তেজনার ম্যাচে ২ রানে জয় পেয়েছিল ঢাকা। ২৬ রানে চার উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন আলিস।
ম্যাচ শেষেই তার বোলিং অ্যাকশন নিয়ে চাপা গুঞ্জন উঠেছিল। কয়েক মাস আগেই প্রথম বিভাগ ক্রিকেট লিগ খেলা আলিসের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ জানিয়ে গণমাধ্যমে চিঠি দিয়ে নিজেদের উদ্বেগের কথা বলেছিল রংপুর। শেষ পর্যন্ত আলিসের বোলিং অ্যাকশন অবৈধ বলে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররাও।
ম্যাচ শেষে আম্পায়াররা তার বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করেছেন। তার বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে তাই প্রশ্ন টিকেই থাকল। বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গতকাল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘আম্পায়াররা তার বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করেছেন। আমরা অপেক্ষা করছি ম্যাচ রেফারির প্রতিবেদনের জন্য। তিনিই গাইডলাইন দিবেন সামনে তার খেলার বিষয়ে।’
বিষয়টি ঢাকা ডায়নামাইটসও জেনেছে। শুক্রবার সবাইকে চমকে দেওয়া আলিসকে তারপরও গতকাল সিলেট সিক্সার্সের বিপক্ষে ম্যাচে একাদশে রেখেছে ঢাকা। রিপোর্ট হওয়ার ১৪ দিনের মধ্যে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির সামনে পরীক্ষা দিতে হবে আলিসকে।
