শুরু হয়েছে স্কুল ক্রিকেট

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২২:০৬

স্পোর্টস রিপোর্টার

৫৫৬ স্কুলের ১১ হাজার ১২০ ক্ষুদে ক্রিকেটারের অংশগ্রহণে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট। গতকাল মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তানজিল চৌধুরী। এ সময় প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ এবং প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ডক্টর আনোয়ার ইকবাল উপস্থিত ছিলেন।

গত ১০ জানুয়ারি ফরিদপুরে পর্দা উঠেছে জেলা পর্যায়ের খেলা। চলতি মাসেই দেশের বাকি ৬৩ জেলায়ও মাঠে গড়াবে স্কুল ক্রিকেট। এবার সর্বোচ্চ ১৩০ স্কুল অংশ নিচ্ছে ঢাকা বিভাগে, চট্টগ্রামের ৯০, খুলনায় ৮৪, রংপুরে ৭২, রাজশাহীতে ৬৮, বরিশালে ৪৪, সিলেটে ৩৬ এবং ঢাকা মেট্রো থেকে ৩২ স্কুল অংশ নিচ্ছে । ৬৪ জেলার চ্যাম্পিয়ন স্কুলগুলো নিয়ে অনুষ্ঠিত হবে বিভাগীয় চ্যাম্পিয়নশিপ। ৭ বিভাগীয় সেরা ও ঢাকা মেট্রো চ্যাম্পিয়নের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ।

উল্লেখ্য, প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের এবার ৯৬৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ে ৯০১, বিভাগীয় পর্যায়ে ৫৭ ও জাতীয় চ্যাম্পিয়নশিপে অনুষ্ঠিত হবে ৭ ম্যাচ। গতবছর স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল বগুড়ার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। আর রানার্স আপ সুনামগঞ্জের সরকারি জুবিলি হাইস্কুল ।