নারী-পুরুষের সমতার ক্ষেত্রে ফিনল্যান্ডকে প্রায়ই আদর্শ উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। কিন্তু সে দেশের প্রধানমন্ত্রী সান্না মারিন লিঙ্গ-সমতার লড়াইকে আরো একধাপ সামনে এগিয়ে নিয়ে গেছেন এবং ১৬ বছরের এক তরুণীকে এক দিনের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে দিয়েছেন।
ফিনল্যান্ডের ‘এক দিনের প্রধানমন্ত্রী’ হিসেবে তরুণী আভা মার্টো নতুন কোনো আইন তৈরি করতে পারবেন না। কিন্তু অন্যদিনের মতোই প্রধানমন্ত্রী হিসেবে তিনি ফিনিশ রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করেন। বিশেষভাবে প্রযুক্তি খাতে নারীদের অধিকার নিয়ে আলাপ-আলোচনা করেন।
মেয়েশিশুদের নিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক দিবসকে সামনে রেখে ফিনল্যান্ডে এই ক্ষমতার হাতবদল ঘটে। কন্যাশিশুদের অধিকার তুলে ধরতে জাতিসংঘ প্রতি বছর ১১ অক্টোবর সারা বিশ্বে এই দিনটি পালন করে থাকে।
ফিনল্যান্ড এ নিয়ে গত চার বছর ধরে ‘গার্লস টেকওভার’ নামে এক আন্তর্জাতিক কর্মসূচি পালন করে আসছে। এই কর্মসূচিতে সারা বিশ্বের কিশোরী ও তরুণীরা বিভিন্ন দেশে রাজনীতি, ব্যবসা এবং অন্য খাতের প্রধান হিসেবে এক দিনের জন্য দায়িত্ব পালন করে। চলতি বছর মেয়ের জন্য ডিজিটাল দক্ষতা এবং প্রযুক্তি খাতে সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে। এই কর্মসূচিতে কেনিয়া, পেরু, সুদান এবং ভিয়েতনাম থেকে মেয়েদেরকে বাছাই করা হয়েছে। বুধবার এ নিয়ে এক বৈঠকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী আভা মার্টো বলেন, ‘এই কাজ নিয়ে আজ কথা বলতে পেরে আমি খুবই খুশি। কিন্তু সত্যি কথা বলতে কি, আমাকে যে একথা বলতে হচ্ছে তা আমি মোটেও বলতে চাই না। গার্লস টেকওভার আন্দোলন হচ্ছে, সেটাও হওয়া উচিত না।’
