লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে নতুন সমীকরণ
এবারের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে ‘গুরু’ আর ‘চেলা’র ঘুম একই সঙ্গে ছুটিয়ে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী। ‘চিরশত্রু’ সমাজবাদী পার্টির সঙ্গে জোট গড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে শনিবার মায়াবতী বলেন, ‘গুরু নরেন্দ্র মোদী আর চেলা অমিত শাহের ঘুম ছোটাতেই আমরা এই ঐতিহাসিক ঘোষণা দিলাম।’
লক্ষৌয় যৌথ সাংবাদিক সম্মেলনে মায়াবতী বলেন, ‘আজকের মোদী সরকার অহঙ্কারী। তাই তাদের হারতে হবেই। সামনের লোকসভা ভোটে দুই দল জোট বেঁধে লড়বে। আর সেটা হলে বিজেপিকে হারানো যাবে অনায়াসেই। তাই আমজনতার কথা মাথায় রেখেই এই জোট গড়ে তোলা হল।’ প্রসঙ্গত, ১৯৯৩ সালে উত্তর প্রদেশে জোট বেঁধেছিল এই দুই দল। তখন উত্তর প্রদেশে সরকার গড়েছিল এই জোট। খবর আনন্দবাজার পত্রিকা
জোটে কেন কংগ্রেসকে নেওয়া হলো না তার কারণ জানাতে গিয়ে মায়াবতী বলেন, ‘কেন্দ্রে বিজেপি আর কংগ্রেস, একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। ওই দুই সরকারের আমলেই প্রচুর দুর্নীতি হয়েছে। বিরোধীদের উত্পীড়ন করে চলেছে বিজেপি। আর কংগ্রেসের সময় দেশে জারি হয়েছিল জরুরি অবস্থা। বিজেপির সময় রাফাল আর কংগ্রেসের সময় বোফর্স। দুই সরকারের আমলেই হয়েছে একের পর এক কেলেঙ্কারি।’
পরে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেন, ‘এই জোট ভাঙার জন্য পর্দার পিছন থেকে ষড়যন্ত্র করছে বিজেপি। আপনারা সতর্ক থাকুন। গোটা দেশে অরাজকতা। হাসপাতালে রোগীদের চিকিত্সার আগে তাদের জাতপাত জানতে চাওয়া হচ্ছে, গরীব চাষি আত্মহত্যা করছে, নিরীহদের এনকাউন্টার করা হচ্ছে। ঘৃণা, বিদ্বেষ ছড়ানো হচ্ছে দেশজুড়ে। এসবের অবসান ঘটাতেই এই জোট।’
এদিকে মায়াবতী ও অখিলেশের জোট বাঁধার বিষয়টিকে গুরুত্ব দিতে রাজি হননি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ‘জোটই হোক বা মহাজোট, ২০১৪ সালের চেয়েও এবার ভালো করবে বিজেপি।’ তিনি আরো বলেন, ‘বিরোধীদের যে কোনো জোট বা মহাজোট রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করবে, নৈরাজ্য আনবে, দুর্নীতি বাড়াবে। কারণ, যারা জোট বাঁধছেন, তারা কেউই একে অন্যকে পছন্দ করেন না।’
