নুর-মামুনদের গ্রেফতারের দাবিতে অনশনে সেই ছাত্রী

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০০:১২

রাজধানীর লালবাগ ও কোতোয়ালি থানায় দায়ের করা ধর্ষণ মামলার আসামি ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যায় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে গ্রেফতারের দাবিতে অনশনে বসেছে মামলার বাদী সেই ছাত্রী। আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে গতকাল বৃহস্পতিবার রাত ৯টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তিনি এই অনশন শুরু করেন। এসময় তার সঙ্গে একাত্মতা পোষণ করে আরো বেশ কয়েক জন ছাত্রী বসে পড়েন।

ঐ ছাত্রী বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা করেছি যে দীর্ঘদিন হয়ে যাচ্ছে। কিন্তু এরই মধ্যে অন্য মামলার আসামিদের গ্রেফতার করা হলেও নুর-মামুনদের গ্রেফতার করা হচ্ছে না। তারা দিব্যি ঘুরে বেড়ালেও পুলিশ নাকি তাদের খুঁজে পাচ্ছে না। 

গত মাসের ২১ সেপ্টেম্বর রাজধানীর লালবাগ থানায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে মামলা দায়ের করে ঐ ছাত্রী। মামলার আসামিরা হলেন নুরুল হক নুর, নাজমুল হাসান সোহাগ, সাইফুল ইসলাম, নাজমুল হুদা, আব্দুল্লাহ হিল বাকী। পরে ২৩ সেপ্টেম্বর আরেকটি ঘটনায় কোতোয়ালি থানায় নাজমুল হাসান সোহাগকে প্রধান আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন তিনি।