গ্রিসে নািসদের আক্রমণের দায় স্বীকার করলেন মার্কেল

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২২:০৮

ডেইলি মেইল

দুই দেশের মধ্যে দূরত্ব ও দ্বন্দ্ব ছিল বহু বছর ধরে। এবার সুসম্পর্ক তৈরির রাস্তার দিকে যাওয়া শুরু করলেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। তিনি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নািস বাহিনীর আক্রমণের দায় একান্তভাবেই জার্মানির। দুইদিনের সফরে শুক্রবার তিনি এথেন্সে পৌঁছেছেন। এ সময় তিনি গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সাইপ্রাসের সঙ্গে বৈঠক করেন। এছাড়া গ্রিসের প্রেসিডেন্ট প্রোকোপিস পাভলোপুলাসের সঙ্গে আলোচনা করেছেন।

যুদ্ধকালীন ক্ষতিপূরণ নিয়ে গ্রিস আর জার্মানির মধ্যে দীর্ঘদিন মন কষাকষি চলেছে। ইউরোপীয় দেশগুলোর হস্তক্ষেপে ১৯৬০ সালে একটি চুক্তির মাধ্যমে বিষয়টির মীমাংসা হয়েছিল বলে এতদিন দাবি করে এসেছে জার্মানি। কিন্তু গ্রিসের সরকার কোনোদিনই সেই ক্ষতিপূরণে সন্তুষ্ট ছিল না। সে সময় থেকেই জার্মানির সঙ্গে দ্বন্দ্বের সূত্রপাত হয়। মার্কেলের ওপর বিদ্বেষ আরও বাড়ে ব্যয় সংকোচনের সময়ে। কয়েক বছর আগে দেশজুড়ে চলা চরম আর্থিক দুর্দশার সময় ব্যয় সংকোচনের রাস্তায় হাঁটতে বাধ্য হয় গ্রিস সরকার। তার দায়ও দেশটির সাধারণ মানুষ মার্কেলের আর্থিক নীতির উপরেই চাপিয়েছিলেন।

২০১২ ও ২০১৪ সালে মার্কেলের গ্রিস সফরে তাকে দুইবারই দেশটির সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। হাজার হাজার মানুষ এথেন্সের রাস্তায় নেমেছিলেন বিক্ষোভ করতে। এবার যেন সেই পরিস্থিতি না হয় সেজন্য সতর্ক ছিল দেশটির পুলিশ। শুধু মার্কেলের নিরাপত্তার বন্দোবস্ত করতেই মোতায়েন করা হয়েছে দুই হাজার পুলিশ। এথেন্সের প্রাণকেন্দ্রে বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এরপরও মার্কেলের সফরের প্রতিবাদে রাস্তায় নেমেছিল এথেন্সের মানুষ।