আশ্রমের ভেতরে দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে বছরখানেকেরও বেশি সময় ধরে জেলে থাকা ভারতের বিতর্কিত ধর্মগুরু রাম রহিম সিং এবার সাংবাদিক রাম চন্দ্র ছত্রপতিকে খুন করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।
শুক্রবার হরি-য়ানার বিশেষ আদালত তিন সহযোগীসহ তাকে দোষী সাব্যস্ত করে। ছত্রপতিকে গুলি করে হত্যার দায়ে বৃহস্পতিবার এ চারজনের সাজা ঘোষণা করা হবে বলে জানিয়েছে এনডিটিভি ও বিবিসি। উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সিরসায় ডেরা সাচ্চা সওদা আশ্রমের সদরদপ্তরে নারী নির্যাতনের ঘটনা সম্পর্কিত একটি চিঠি নিজের পত্রিকা ‘পুরা সাচ’-এ তুলে ধরেন রাম চন্দ্র ছত্রপতি।
২০০২ সালে রাম রহিমের অজ্ঞাত পরিচয়ের এক ভক্তের লেখা ওই চিঠিতে আশ্রমের ভেতর নানা ধরনের যৌন হয়রানির ঘটনার বিবরণ দেওয়া হয়, যা বিতর্কিত এ ধর্মগুরুর মুখোশ উন্মোচনে বড় ধরনের ভূমিকা রাখে। হিন্দিভাষী এ পত্রিকায় এমন চিঠি ছাপার পরই ক্ষেপে যান ডেরা সাচ্চা সওদার প্রধান। সহযোগীদের ‘পুরা সাচ’ পত্রিকার সম্পাদককে হত্যারও নির্দেশ দেন তিনি। চিঠি ছাপা হওয়ার পাঁচদিন পর ওই বছরের ২৪ অক্টোবর রাম রহিমের সহযোগীরা বাড়ির বাইরে ছত্রপতিকে গুলি করে। আহত এই সাংবাদিক চিকিত্সাধীন অবস্থায় নভেম্বরে মারা যান।
