দামেস্কে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলাকে ব্যর্থ বলল সিরিয়া

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২২:১০

মার্কিন সেনা থাকলেও সিরিয়ায় অভিযান চালানো হবে: তুরস্ক

 আল জাজিরা ও রয়টার্স

দামেস্কের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইসরাইলি বিমান বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা ‘ব্যর্থ’ হয়েছে বলে দাবি করেছে সিরিয়া। শুক্রবার স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে ইসরাইলি জঙ্গিবিমান থেকে ওই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। এদিকে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা না হলেও সেখানে সামরিক অভিযান চালানো হবে বলে সতর্ক করেছে তুরস্ক।

সিরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই ভূপাতিত করেছে বলে জানিয়েছে সিরীয় বার্তা সংস্থা সানা। সংস্থাটি বলে, ‘আগ্রাসী ওই হামলায় শেষপর্যন্ত ক্ষেপণাস্ত্র কেবল দামেস্ক বিমান বন্দরের একটি মালগুদামেই আঘাত হানতে পেরেছে।’ সিরিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের ভিডিওতে ক্ষেপণাস্ত্রের দিকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা গোলা ছুড়তে দেখা গেছে, শোনা গেছে বিস্ফোরণের শব্দও। ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে তেল আবিবের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সিরিয়ায় ইরানের প্রভাববলয় বাড়ছে, এ অজুহাতে দুই বছরে দুই শতাধিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল।

২০১১ সালে বাশার আল-আসাদকে উত্খাত করতে বিরোধীদের তত্পরতা ও গৃহযুদ্ধ শুরু হওয়ার পর তেহরান ও তাদের লেবাননি মিত্র হিজবুল্লাহ সিরিয়ার সরকারি বাহিনীর পাশে এসে দাঁড়ায়। পরে রাশিয়া আসাদের পক্ষ নিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করলে সিরিয়া পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে। মস্কো, তেহরানের পাশাপাশি হিজবুল্লাহর সমর্থনে গত বছরের মধ্যেই সিরিয়ার দুই-তৃতীয়াংশ ফের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন বাশার আল-আসাদ। এ সময়ের মধ্যে দেশটিতে ইরানের প্রভাব বৃদ্ধি পেয়েছে জানিয়ে ইসরাইল এটাকে তার ‘নিরাপত্তার জন্য উদ্বেগজনক’ অভিহিত করে সিরিয়াজুড়ে বিভিন্ন স্থাপনায় একের পর এক হামলা চালিয়েছে। সর্বশেষ গত বছরের ২৫ ডিসেম্বর তাদের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার তিন সেনা আহতও হয়েছিলেন।

এদিকে সশস্ত্র কুর্দিদের নিরাপত্তার নিশ্চিতের অজুহাতে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার না করলে,  সেখানে সামরিক অভিযান চালানো হবে বলে জানিয়েছে তুরস্ক। শুক্রবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু তুর্কি টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা জানান।  যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর কুর্দি বিদ্রোহীদের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করার প্রেক্ষিতে কাভুসোগলু এ কথা বলেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণার আগেই তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন।