নারীকে সম্মান করুন

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ২১:২০

ক্রিকেটারদের বার্তা

স্পোর্টস রিপোর্টার

নারীর প্রতি সহিংসতা যেন বেড়েই চলেছে। ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে দেশবাসী এবং আন্দোলন, মানববন্ধন চলছে বিভিন্ন স্থানে। কয়েক দিনের ব্যবধানে সিলেটে ও নোয়াখালীতে গণধর্ষণের বর্বরতা ছুঁয়ে গেছে সবাইকে। বাদ যাননি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। নারী নির্যাতনের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার ছিলেন টাইগাররা। গতকাল বিসিবির পাঠানো ভিডিও বার্তায় নারীর প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন তামিম-মুশফিকরা।

একের পর এক নারী ধর্ষণ-নির্যাতনের ঘটনায় আহতবোধ করা মুশফিক বলেছেন, ‘গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে আমার-আপনার, আমাদের বোনদের ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনায় আমি মর্মাহত। নারীদের সম্মান করুন, সত্যিকারের মানুষ হোন।’

ঐক্যবদ্ধভাবে এসব কর্মকাণ্ড প্রতিরোধের ডাক দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টি-২০ দলের অধিনায়ক বলেছেন, ‘এখন সময় এসেছে, আসুন সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই অমানুষগুলোকে সামাজিকভাবে প্রতিহত করি এবং এদের মুখোশ খুলে দেই।’

নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাগিদ দিয়েছেন তামিম ইকবাল। ওয়ানডে দলের অধিনায়ক বলেছেন, ‘নিজ নিজ পরিবারের নারী সদস্যেদের কথা ভাবুন এবং দেশের প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসুন।’

টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেছেন, ‘চলুন আমরা নিজেদের মানুষ হিসেবে প্রমাণ করি এবং নারীর প্রতি সম্মান প্রদর্শন করি।’ তরুণ ক্রিকেটার সৌম্য সরকারের আহ্বান ছিল, ‘নারীকে সম্মান করুন, সত্যিকারের মানুষ হোন।’

বিসিবির ভিডিও বার্তায় না থাকলেও ধর্ষণ, নারী নির্যাতনের বিপক্ষে আওয়াজ তুলেছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসানরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি বলেছেন, ধর্ষকের কোনো পরিচয় নেই। সবার মানসিকতা পরিবর্তন জরুরি। ধর্ষণের বর্বরতা রুখে দিতে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন সাকিব।