দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়কের বিভিন্ন অংশে ধস

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ২১:২৪

বহ্মপুত্রে ভাঙন

জামালপুর প্রতিনিধি

ব্রহ্মপুত্র নদের ভাঙনে হুমকিতে পড়েছে জামালপুরের দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়ক। ইতিমধ্যে সড়কের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। ধসে গেছে সড়কের এক পাশ। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ ও যানবাহন। সড়কটি রক্ষার্থে তারা অতিদ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের সাপমারি ও জবেদ মোড় এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এতে এ সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অন্যদিকে কাঠারবিল বাজার থেকে বাঁশতলী বাজার সড়কের সাপমারি মহারানী খালের ওপর সড়কটি বেশকিছু অংশ ধসে যাওয়ায় বর্তমানে বাইসাইকেল আর মোটরসাইকেল ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ফলে নদীভাঙন আতঙ্কে রয়েছে সাপমারি, জবেদ মোড় ও সবুজপুর গ্রামের মানুষ। এ বিষয়ে হাতীভাঙ্গা ইউপি চেয়ারম্যান নুর ছালাম জানান, দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়কের জবেদ মোড় এলাকায় ব্রহ্মপুত্র নদের ভাঙনে সড়কের আংশিক ধসে পড়েছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে দেওয়ানগঞ্জের সঙ্গে হাতীভাঙ্গা, পাররামরামপুর, চর আমখাওয়া, ডাংধরা ইউনিয়নসহ সীমান্তবর্তী রাজীবপুর উপজেলার যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহেদ হোসেন জানান, হাতীভাঙ্গা ইউনিয়নের জবেদ মোড় এলাকায় নদী রক্ষায় কোনো ব্যবস্থা না থাকায় সড়কটি ধসে যাচ্ছে। তাই বিষয়টি জামালপুর পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। তারা জরুরি ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। তাই সড়কটি নদীর ভাঙনের হাত থেকে রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানান, বিষয়টি জানিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। আশা করি দ্রুতই ব্যবস্থা গ্রহণ করতে পারব।