ভূমি মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর সম্পদের হিসাব দিতে হবে —সাইফুজ্জামান চৌধুরী

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২২:২৪

g চট্টগ্রাম অফিস

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, সংসদ নির্বাচনের সময় আমার হিসাব জমা দিয়েছি। মন্ত্রণালয় থেকে শুরু করে দেশের সব উপজেলা, ইউনিয়ন ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীর সম্পদের হিসাব জমা দেওয়ার জন্য এখনই মৌখিক নির্দেশ দিচ্ছি। মন্ত্রণালয়ে গিয়েই অফিস অর্ডার বা নোটিস ইস্যু করবো। যাতে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সবাই তাদের বর্তমান সম্পদের হিসাব জমা দেন। বিভিন্ন ভূমি অফিসে ঝটিকা পরিদর্শন শিগগির শুরু করবেন একথা জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, ভূমি অধিগ্রহণের নোটিস ইস্যুর পর মামলা হয়। ভূমি অফিসের নীচের স্তরের এক শ্রেণির কর্মীরা এর সঙ্গে জড়িত থাকে। তাই নোটিস ইস্যুর পর মামলা টিকতে যাতে না পারে  এমন একটি পদ্ধতি বের করছি। এটাই হবে নিয়ম।

গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে ভূমিমন্ত্রী উপরের কথাগুলো বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন।  চট্টগ্রামের অনেক উন্নয়ন হচ্ছে, এম এ মান্নান ফ্লাইওভার থেকে নেমে যে রাস্তা তার উন্নয়ন হবে। এই রাস্তার উইংগুলোকে ফোর লেন করা হচ্ছে। বে টার্মিনাল, কর্ণফুলী টানেল, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন, অর্থনৈতিক অঞ্চলসহ সব বড় প্রকল্পের ভূমি ছাড়ে অগ্রাধিকার দেওয়া  হচ্ছে। কর্ণফুলীর দুই পাড়ের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে। সেখানে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, আগেও আমি স্পটে গিয়ে ক্ষতিপূরণের অর্থ বিতরণ করেছি, এখনও তাই করা হবে।

সারাদেশের ভূমি অফিসে বিভিন্ন ধরনের সমস্যা থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, কর্মকর্তাদের সাহস দিতে চাই। মাঠ পর্যায়ে হাত দিচ্ছি। উপজেলা, ইউনিয়নের সব ভূমি অফিসকে সিসিটিভি’র আওতায় আনা হবে। ভয়েস রেকর্ডিংয়ের ব্যবস্থা করা হবে বিভিন্ন স্থানে।

এ সময় বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাবেক সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, ক্লাবের যুগ্ম-সম্পাদক চৌধুরী ফরিদ, সাংস্কৃতিক সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার প্রমুখ।