সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ এ দুই শূন্য আসনের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ও কাজীপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা এবং ঢাকা-১৮ আসনে মনোনয়ন পেয়েছেন মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর। গতকাল শুক্রবার বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মলনে দুই প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামী ১২ নভেম্বর সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর গত ২৮ সেপ্টেম্বর এ দুটি আসনের উপনির্বাচনের তপশিল ঘোষণা করেন। ঘোষিত তপশিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ অক্টোবর, যাচাই-বাছাই ১৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২২ অক্টোবর এবং ভোটগ্রহণ ১২ নভেম্বর। দুটি আসনের উপনির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে ভোট হবে বলে সচিব জানান।
গত ৯ জুলাই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনটি শূন্য হয়। অন্যদিকে গত ১৩ জুন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়।
