ইত্তেফাক রিপোর্ট
নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ।
গত বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের কাছে সুষমা স্বরাজের অভিনন্দন বার্তা পৌঁছে দেওয়া হয়। ভারতীয় হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীর কাছে এই অভিনন্দন বার্তা পৌঁছে দেন এবং তার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। সুষমা স্বরাজের বার্তা পৌঁছে দেওয়ার পর আদর্শ সোয়াইকা উপস্থিত সাংবাদিকদের জানান, ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস খুব শিগগিরই যোগ দেবেন।
অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, ঢাকার সঙ্গে সহযোগিতা আরো জোরালো করতে চায় মস্কো। তিনি বলেন, দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও গঠনমূলক সহযোগিতার সম্পর্ক জোরালো করতে চায় রাশিয়া। আগামী দিনে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে গঠনমূলক সহযোগিতা জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
