স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আবদুল বাসেদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মহাস্থান-শিবগঞ্জ সড়কের রায়নগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, উপজেলার হাটপাড়া এলাকার ধান-চালের আড়ত ব্যবসায়ী ফজলুর রহমান বৃহস্পতিবার বিকালে মহাস্থানের ইসলামী ব্যাংক থেকে ২৫ লাখ টাকা উত্তোলন করে তার কর্মচারীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় ৪-৫ জন দুর্বৃত্ত দুটি মোটরসাইকেল নিয়ে তাদের পথরোধ করে ব্যবসায়ী ফজলুরকে ছুরি মেরে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় রাতে ফজলুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গতকাল শুক্রবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে আবদুল বাসেদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
