প্রেসিডেন্সিয়াল বিতর্ক বাতিলের সমালোচনায় ট্রাম্প শিবির 

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১১:৫০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের মধ্যকার দ্বিতীয় বিতর্ক বাতিল করেছে  মার্কিন প্রেসিডেন্সিয়াল ডিবেট কমিশন। এই বিতর্ক বাতিলের সমালোচনা করেছে মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী শিবির।

একটি বিবৃতিতে ট্রাম্পের নির্বাচনী শিবিরের পক্ষ থেকে বলা হয়, অক্টোবর ১৫ তারিখ মিয়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিতর্ক বাতিলের করার জন্য কোনো মেডিক্যালগত কারণ নেই। প্রেসিডেন্ট সুস্থ হয়ে যাবেন এবং বিতর্কের জন্য প্রস্তুত। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  করোনায় আক্রান্ত হওয়ার পর সরাসরি মঞ্চে বিতর্কের পরিবর্তে ভার্চুয়াল পদ্ধতিতে বিতর্কের প্রস্তাবনা আসে। কিন্তু ট্রাম্প সাফ জানিয়ে দেন ভার্চুয়াল বিতর্ক হলে তিনি তাতে অংশ নেবেন না। ফলে ওই বিতর্ক নিয়ে জটিলতা সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্সিয়াল ডিবেট কমিশন আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া ট্রাম্প-বাইডেনের দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্ক বাতিল করার সিদ্ধান্ত নেয়।

এর মানে দাঁড়াচ্ছে যে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আরেকটি প্রেসিডেন্সিয়াল বিতর্কের সুযোগ পাবেন ট্রাম্প এবং বাইডেন। সেটি আগামি ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের টেনেসির ন্যাশভিলেতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে তিনটি বিতর্ক হয়। গত ২৯ সেপ্টেম্বর ট্রাম্প ও বাইডেনের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়। প্রথম বিতর্কে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণ, সুপ্রিম কোর্ট, অর্থনীতি ও চলমান বর্ণবাদ কেন্দ্রিক সহিংসতা নিয়ে বেশ পর্যুদস্ত হন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন গণমাধ্যমগুলোতে বাইডেন প্রথম বিতর্কে ভালো করেছেন বলে উল্লেখ করা হয়।

ইত্তেফাক/এআর