‘মার্কিন নিষেধাজ্ঞা ইরানের ওপর হামলার শামিল'

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১৪:৩০

 মার্কিন অর্থ মন্ত্রণালয় নতুন করে ইরানের ১৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। শুক্রবার এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

আহমেদিনেজাদ বলেন, শুরু থেকেই যুক্তরাষ্ট্র আমাদের পরমাণু কর্মসূচীর বিরোধিতা করে আসছে। ২০১৫ সালের পরমাণু সমঝোতা চুক্তিও তাদের সঙ্গে আমাদের কয়েক যুগ পুরনো বিরোধিতা মেটাতে সক্ষম হয়নি। এখন তারা আবার নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটি একতরফা নিষেধাজ্ঞা, অমানবিক ও আমাদের ওপর আক্রমণ।

তিনি বলেন, কিছুদিন পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেও আমাদের প্রতি তাদের যে নীতি রয়েছে তার কোনো পরিবর্তন ঘটবে না।

গত বৃহস্পতিবার ইরানের ১৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মনুচিন। তিনি বলেন,অবৈধপন্থায় ইরান যাতে ডলার সংগ্রহ করতে না পারে সেজন্যই এ নিষেধাজ্ঞা। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত ইরান পরমাণু কর্মসূচি থেকে সরে না আসবে ততক্ষণ পর্যন্ত এসব নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।

নতুন এই নিষেধাজ্ঞা প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা বলছেন, এর ফলে ইরান আমদানীকৃত পণ্যের খরচ বহন করতে পারবে না। যা তাদের অর্থনৈতিকভাবে আরো কঠিন পরিস্থিতির মুখে ঠেলে দিবে।

ইত্তেফাক/এআর